বায়েজিদে প্রতিপক্ষের হামলায় আ.লীগের তিন নেতা আহত
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার তারাগেট এলাকায় আওয়ামী লীগের এক পক্ষের হামলায় প্রতিপক্ষের তিন নেতা আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশের আগে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হামলাকারী এবং হামলার শিকার দুটি পক্ষই সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী বলে জানা গেছে।
মেয়র নাছিরের অনুসারীরাই এই সমাবেশের আয়োজন করেন। পুলিশ বলছে, হামলাকারীরা যুবলীগের নেতা মেহেদী হাসান ওরফে বাদল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
২০১৫ সালের ৩১ আগস্ট মেহেদী হাসান ওরফে বাদলকে বায়েজিদের শেরশাহ কলোনি এলাকায় গুলি করে হত্যা করা হয়। ওই হত্যা মামলার আসামি হলেন কানা কুদ্দুস, শফিসহ ২২ জন। গতকাল আহত তিনজনই মেহেদী হাসানের ঘনিষ্ঠ বলে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা জানান।
পুলিশ সূত্র জানায়, সন্ত্রাসী হামলায় আহত তিনজন হলেন ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন এবং দুই সদস্য ফজলে আমিন ও আতাউর রহমান। এর মধ্যে নাজিম উদ্দীনের অবস্থা গুরুতর। তাঁর ডান চোখ উপড়ে ফেলা হয়েছে এবং হাতের দুটি আঙুল কেটে দিয়েছে সন্ত্রাসীরা। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁদের মধ্যে ফজলে আমিন মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, মেহেদী হাসান হত্যা মামলার আসামি কানা কুদ্দুস ও শফির লোকজন আওয়ামী লীগের তিন নেতার ওপর হামলা চালান। এতে নাজিম উদ্দীন গুরুতর আহত হয়েছেন। অন্য দুজনকেও এলোপাতাড়ি কোপানো হয়েছে। আসামিরা দীর্ঘদিন এলাকায় ছিলেন না। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।