বায়েজিদে ব্যবসায়ীকে কুপিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন তারা গেট এলাকায় জাফর আহমেদ নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করা হয়েছে। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, জমি নিয়ে বিরোধের জের ধরে জাফরকে কোপানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
জাফর আহমেদ চট্টগ্রাম মহানগর যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত। তারা গেট এলাকায় তাঁর সিমেন্টের দোকান আছে। আহত জাফরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ প্রথম আলোকে বলেন, হামলার ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়েছে।
আহত জাফরের ছোট ভাই ও ঘটনার প্রত্যক্ষদর্শী মো. রুবেল প্রথম আলোকে বলেন, ‘বড় ভাই জাফরসহ চারজন দোকানে ছিলাম। আড়াইটার দিকে চাপাতি, ছুরি হাতে প্রায় ২০-২৫ জন যুবক আচমকা দোকানে ঢুকে হামলা চালায়। আমরা তিনজন দৌড়ে পালাতে পারলেও বড় ভাই দোকান থেকে বের হতে পারেননি। তাঁকে দুর্বৃত্তরা কোপাতে থাকে। হামলাকারী যুবকেরা দোকানেও ভাঙচুর চালায়।’
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বলেন, হামলার ঘটনায় মো. ভুট্টো নামের একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।