বায়েজিদের ফুটপাত ট্রাকের দখলে
চট্টগ্রাম নগরের ষোলশহর থেকে অক্সিজেন পর্যন্ত বায়েজিদ বোস্তামি সড়কটি চার লেনে উন্নীত করেও সুফল পাওয়া যাচ্ছে না। নিয়মের তোয়াক্কা না করেই সড়কের দুই পাশের ফুটপাত দখল করে গড়ে উঠেছে ট্রাকস্ট্যান্ড। বায়েজিদ এলাকায় রাস্তার দু পাশে ভারী শিল্পকারখানা ও পোশাক কারখানা রয়েছে। এসব ট্রাকের বেশির ভাগই ওই শিল্পকারখানাগুলোর মালামাল পরিবহনের কাজে ব্যবহার হয়।
গতকাল শুক্রবার দুপুরে সরেজমিন দেখা গেছে, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট মোড় থেকে বায়েজিদ বোস্তামি মাজারের আগ পর্যন্ত সড়কের প্রায় সাড়ে তিন কিলোমিটার জুড়ে দুই পাশের ফুটপাত ট্রাক ও মিনি ট্রাকের দখলে চলে গেছে। ছুটির দিন হওয়ায় রাস্তায় যানবাহনের চাপ কম ছিল। তবে ফুটপাতের অংশ ট্রাকের দখলে থাকায় পথচারীরা রাস্তা দিয়ে হাঁটছিলেন।
বায়েজিদ সড়কের রুবি গেইট সংলগ্ন বন গবেষণাগার সড়কের মুখে পরিবহন শ্রমিক ও মালিক সংগঠনের দুটি কার্যালয় রয়েছে। গতকাল সেখানেও অন্তত ৫০-৬০টি ট্রাক দাঁড়িয়ে ছিল। পরিবহন শ্রমিকেরা ট্রাকের আশপাশে দাঁড়িয়ে গ্রাহকের জন্য অপেক্ষা করছিলেন। এ বিষয়ে কথা বলতে উত্তর চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির কার্যালয়ের সামনে গিয়ে সেটি তালাবন্ধ পাওয়া যায়। পাশে পরিবহন শ্রমিকদের কার্যালয়ের দিকে যাওয়ার সময় কয়েকজন পরিবহন শ্রমিক ট্রাক ভাড়া লাগবে মনে করে এই প্রতিবেদককে ঘিরে ধরেন। তবে সাংবাদিক পরিচয় জানার পরই তাঁরা আগ্রহ হারিয়ে ফেলেন।
রাস্তার পাশে ট্রাকস্ট্যান্ড গড়ে তোলার কারণ জানতে চাইলে আবু সিদ্দিক নামের একজন চালক বলেন, ‘এ বিষয়ে আমরা বলার কেউ না। মালিক সংগঠনের নেতারা জানেন।’ আবদুর রহিম নামের আরেক পরিবহন শ্রমিক জানান, এসব গাড়ি দিয়ে বায়েজিদের নাসিরাবাদ শিল্প কারখানার মালামাল, গার্মেন্টসসামগ্রী, ঝুট এবং বাসা বদলের সময় গৃহস্থালি মালামাল পরিবহন করা হয়। ২০-২৫ বছর ধরে এই রাস্তার পাশেই তাঁরা ট্রাক পার্কিং করে আসছেন বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহেদ ইকবাল প্রথম আলোকে বলেন, বারবার সতর্ক করার পরও ট্রাক মালিকেরা ওই জায়গা ছেড়ে যাচ্ছেন না। অবৈধ ট্রাকস্ট্যান্ডটি এখন যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। কয়েক দিন আগে একজন নারী ওই সড়কে ট্রাকের ধাক্কায় মারা গেছেন।
নগরে অবৈধ ট্রাকস্ট্যান্ড গড়ে ওঠার কারণ হিসেবে স্থায়ী কোনো টার্মিনাল না থাকাকেই দুষলেন চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মঞ্জুরুল আলম। তাঁর দাবি, ট্রাফিক পুলিশের অব্যবস্থাপনার কারণে বায়েজিদ বোস্তামি সড়কের দুই পাশ অবৈধ ট্রাকস্ট্যান্ডে পরিণত হয়েছে। তিনি বলেন, ট্রাক রাখার জন্য নগরের বিভিন্ন প্রবেশপথে ট্রাক টার্মিনাল প্রয়োজন।
নগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক উত্তর) মো. সুজায়েত ইসলাম প্রথম আলোকে বলেন, নগরের রাস্তার পাশে ট্রাকস্ট্যান্ড থাকার নিয়ম নেই। বায়েজিদ সড়কে ট্রাকস্ট্যান্ড গড়ে ওঠার বিষয়টি জানা ছিলনা। সরেজমিনে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বায়েজিদ সড়কে অবৈধ ট্রাকস্ট্যান্ড গড়ে ওঠায় ওই রাস্তায় চলাচলকারীদেরও ভোগান্তিতে পড়তে হয়। সাপ্তাহিক বন্ধের দিন ছাড়া অন্য সময়ে ওই সড়কে যানজট সৃষ্টি হয় বলে জানান বায়েজিদের শেরশাহ কলোনির বাসিন্দা কামাল উদ্দিন। তিনি বলেন, ট্রাকগুলো বের করা বা ঢোকানোর সময় প্রায়ই রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি হয়।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) সূত্র জানায়, নগরবাসী ছাড়াও উত্তর চট্টগ্রামের রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি উপজেলা এবং রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার গাড়ি চলাচল নির্বিঘ্ন করতে ২০১০ সালে বায়েজিদ বোস্তামি সড়কটি সম্প্রসারণ করা হয়। সড়কটির দৈর্ঘ্য সাড়ে পাঁচ কিলোমিটার। সম্প্রসারণে ব্যয় হয়েছিল প্রায় ২৫ কোটি টাকা। সিডিএর নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, বায়েজিদ বোস্তামি সড়কে অবৈধ ট্রাকস্ট্যান্ড গড়ে ওঠার কারণে সড়ক সম্প্রসারণের সুফল নগরবাসী ও উত্তর চট্টগ্রামের নাগরিকেরা পাচ্ছেন না।