বায়েজীদ থানার ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে বায়েজীদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া তিন পুলিশ কর্মকর্তা হলেন বায়েজীদ বোস্তামী থানার ওসি প্রদীপ কুমার, উপপরিদর্শক (এসআই) একরামুল হক ও সুজন বিশ্বাস।

বিষয়টি নিশ্চিত করে আজ সোমবার দুপুরে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) একেএম শহীদুর রহমান প্রথম আলোকে বলেন, সুপার রিফাইনারি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আহমেদ মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে পুলিশ সদর দপ্তরে লিখিত অভিযোগ করেন। তদন্ত শেষে পুলিশ সদর দপ্তরের নির্দেশে ওই তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ওসি প্রদীপকে গতকাল রোববার রাতে আর এসআই একরামুল ও সুজনকে আজ দুপুরে সাময়িক বরখাস্ত করা হয়।

গত ৪ আগস্ট ব্যবসায়ী সেলিম আহমেদের মালিকানাধীন বেসরকারি তেল শোধনাগার সুপার রিফাইনারি প্রাইভেট লিমিটেড থেকে নয় হাজার লিটার কেরোসিন নিয়ে যাওয়ার সময় একটি লরিকে আটক করে বায়েজীদ বোস্তামী থানা-পুলিশ। এ ঘটনায় ব্যবসায়ী সেলিম আহমেদসহ কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। এরপর সেলিম আহমেদ মিথ্যা মামলা দিয়ে তাঁকে হয়রানির অভিযোগ তুলে পুলিশ সদর দপ্তরে পুলিশের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।