বিআইডব্লিউটিসি ভবনে প্রতিপক্ষের হামলায় তিন ঠিকাদার আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাংলামোটরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কার্যালয়ে গতকাল বুধবার প্রতিপক্ষের হামলায় তিন ঠিকাদার আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন নজরুল ইসলাম (৩৫), ইমরুল হাসান তুষার (২৫) ও হাবিবুর রহমান (২৮)।
হাসপাতালে আহত ব্যক্তিরা প্রথম আলোকে বলেন, বিআইডব্লিউটিসি¦ভবন মতিঝিল থেকে বাংলামোটরে আসার পর তাঁরা প্রতিষ্ঠানের ক্যানটিন পরিচালনার অনুমোদন পান। গতকাল দুপুরে ক্যানটিন কোথায় হবে, সেই জায়গা দেখতে গেলে ৮-১০ জন তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের তাঁরা চিনতে পারেননি। তবে ধারণা করছেন, ক্যানটিন পরিচালনার দায়িত্ব না পেয়ে ঠিকাদারদের কোনো গ্রুপ তাদের ওপর হামলা চালিয়েছে।
বিআইডব্লিউটিসির একটি সূত্র জানায়, আগে মতিঝিলে বিআইডব্লিউটিসির কার্যালয় ছিল। কিছুদিন আগে সেটি বাংলামোটরে আনার প্রক্রিয়া শুরু হয়। সেখানে নানা ধরনের নির্মাণকাজ চলছে। এত দিন মতিঝিলে যাঁরা প্রতিষ্ঠানের টেন্ডারবাজি করতেন, তাঁরাই গতকালের হামলায় জড়িত। আহত ও হামলাকারীরা যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান প্রথম আলোকে বলেন, আহত ব্যক্তিরা হামলাকারীদের চেনেন না। ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ওই ঘটনা ঘটেছে।