বিআরটিএ অফিসে হঠাৎ অভিযানে জেলা প্রশাসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের বিআরটিএ কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার হঠাৎ অভিযান চালান নবাগত জেলা প্রশাসক মো. জাকির হোসেন। এ সময় তিনি দালাল চক্রের এক সদস্যকে আটকের নির্দেশ দেন। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মিজানুর রহমান। তাঁর বাড়ি ঝিনাইদহ শহরে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল দুপুরে জেলা প্রশাসক জাকির হোসেন জেলা প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে হঠাৎ করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঝিনাইদহ কার্যালয়ে যান। এ সময় তিনি এ কার্যালয়ের সার্বিক কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন। ঘটনার সময় কার্যালয়ের ভেতরে বিআরটিএর নিবন্ধনের জন্য ফরম পূরণ করছিলেন মিজানুর রহমান। জিজ্ঞাসাবাদে মিজানুর স্বীকার করেন, তিনি দালাল চক্রের সদস্য। টাকার বিনিময়ে অন্য একজনের ফরম পূরণ করছিলেন। তখন জেলা প্রশাসক তাঁকে আটক করার নির্দেশ দেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁর বিচার করা হয়। আদালতের নির্বাহী হাকিম মেজবাউল করিম আটক মিজানুরকে সাত দিনের কারাদণ্ড দেন।

নবাগত জেলা প্রশাসক জাকির হোসেন বলেন, ঝিনাইদহে সরকারি বিভিন্ন দপ্তরের সেবা যাতে আরও সুষ্ঠুভাবে পরিচালিত হয়, তিনি সেই চেষ্টা করবেন। এ লক্ষ্যে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।