বিআরটিএর ফি দিতে হয়রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের মোটর যানবাহনের মালিকেরা প্রায় এক মাস যাবৎ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নবায়ন ফিসহ তাঁদের গাড়ির যাবতীয় ফি চাঁপাইনবাবগঞ্জে থেকে পরিশোধ করতে পারছেন না। এ জন্য তাঁদের যেতে হচ্ছে ৪৮ কিলোমিটার দূরের রাজশাহী জেলায়। ফলে নানা দুর্ভোগের শিকার হতে হচ্ছে এসব যানবাহনের মালিকদের।
চাঁপাইনবাবগঞ্জ সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি এম কে এস লুৎফর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান অভিযোগ করেন, পর্যায়ক্রমে সাউথ ইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক এবং শেষে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে যানবাহনের যাবতীয় ফি নেওয়া হতো। কিন্তু ফি জমাদানকারীদের দুর্ব্যবহারের অজুহাতে ব্র্যাক ব্যাংক গত ১৪ জানুয়ারি থেকে ফি নেওয়া বন্ধ করে দেয়। ফলে মোটর যানবাহনের মালিকদের রাজশাহী জেলায় গিয়ে ফি জমা দিতে হচ্ছে। এমনকি শিক্ষানবিশ চালকদেরও লাইসেন্সের নবায়ন ফি দিতে রাজশাহী যেতে হচ্ছে। অনেক সময় রাজশাহী গিয়ে ফি জমা দেওয়ার সুযোগ না পেয়ে ফিরেও আসতে হয়। এতে করে দুর্ভোগ আরও বাড়ে জমাদানকারীদের। অন্যদিকে যথা সময়ে ফি জমা দিতে না পারায় আবার বিআরটিএর জরিমানাও গুনতে হচ্ছে পরিবহনের মালিকদের। এ জরিমানার পরিমাণ ফির দেড় থেকে দ্বিগুণ। এ ছাড়া আছে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার শিকার হওয়ার আশঙ্কা। ফি দিতে না পেরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও ‘ম্যানেজ’ করতে বাড়তি ব্যয় করতে হয়।
সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি লুৎফর রহমান বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত বিআরটিএ কার্যালয়ের সঙ্গে নির্ধারিত ব্যাংকের বুথ চালু করে ফি আদায় করা হলেই সুষ্ঠুভাবে ফি জমা দেওয়া যেতে পারে। এ নিয়ে পরিবহনের মালিকেরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। কিন্তু এ ব্যাপারে এখনো সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। বিষয়টি গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায়ও তুলে ধরা হয়।
চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএর সহকারী পরিচালক স্বদেশ কুমার দাস বলেন, এ সমস্যা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসককে জানানো হয়েছে।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, ব্র্যাক ব্যাংকের অসহযোগিতায় এখান থেকে ফি জমা নেওয়া যাচ্ছে না। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
ব্র্যাক ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক মাহমুদুন নবী এ প্রসঙ্গে বলেন, ‘ফি জমা নিতে গিয়ে ব্যাংকে লম্বা সারির সৃষ্টি হতো। অনেকেই প্রভাবশালী ব্যক্তির নাম ভাঙিয়ে সারি ভেঙে ব্যাংকের ভেতরে ঢুকে ফি জমা দেওয়ার চেষ্টা করতেন। এ নিয়ে প্রায়ই ঝামেলার সৃষ্টি এবং আরও নানা অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হতো। এ ছাড়া একশ্রেণির দালাল লাইনে দাঁড়িয়ে ফি জমাদানকারীদের কাছ থেকে টাকা আদায় করত। বিষয়টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে ফি নেওয়া বন্ধের নির্দেশ দেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আবারও নির্দেশ দিলে ফি নেওয়া চালু করা হবে।’ তিনি আরও বলেন, বিআরটিএ কার্যালয়ের সঙ্গে ব্যাংকের বুথ চালু করার ব্যবস্থা করা হলে সুষ্ঠুভাবে ফি জমা নেওয়া সম্ভব হবে। এতে ব্যাংকের কোনো আপত্তি নেই।