বিআরটিএর মিরপুর কার্যালয়ে দালাল কমছে না
বিআরটিএর মিরপুর অফিস। গেট দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গেই এগিয়ে আসবেন কয়েকজন। ‘কী করাবেন?’ শুরু হয়ে যাবে দেনদরবার। যার কাছ থেকে যত আদায় করা যায়। দালালদের আখড়ায় পরিণত হয়েছে সরকারি এ প্রতিষ্ঠানটি।
গত সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিআরটিএর অফিসে দেখা যায়, মূল গেটের বাইরে ও ভেতরে সেবা নিতে আসা লোকজনকে ধরার জন্য দালালেরা ঘুরছেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে তাঁরা এসে জিজ্ঞেস করবেন, ‘কী ধরনের সেবা লাগবে?’ গতকাল এ প্রতিবেদককে মুকুল নামের এক দালাল খুব অল্প সময়ে যেকোনো কাজ করিয়ে দিতে পারবেন বলে জানান।
এদিকে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার মিরপুর ও ইকুরিয়ায় অভিযান চালান। অভিযানে ১২ জন দালালকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন অপরাধে মোটরযান আইনে ৫৪ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুস সালাম ও সুজিত হাওলাদারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস কাগজসহ সব ধরনের কাজই দালালেরা করিয়ে দেন। সরাসরি নিজেরা করতে গেলে ছয় থেকে সাত মাস লাগে। মুকুল বলেন, তিনি দুই-তিন মাসে করে দিতে পারবেন। এত অল্প সময়ে কীভাবে সম্ভব? তিনি বলেন, ‘আমাদের জন্য ব্যাপার না। ওপরের লেভেলের অফিসারদের সঙ্গে আমাদের ভালো রিলেশন আছে। পরীক্ষাও তাড়াতাড়ি হইয়া যায়। আমরা সিরিয়াল আগে করায়ে দেই।’ জিজ্ঞেস করি, এতে কত টাকা লাগবে? তিনি বলেন, ‘আট হাজার টাকা দেবেন। সব হইয়া যাইব। আপনার ঘুরতেও হইব না।’ মুকুলের কথার মাঝেই আরও দুজন এসে দাঁড়ালেন। তাঁরা আরেকটু কম টাকায় কাজ করিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দেন।
ড্রাইভিং লাইসেন্স করাতে সরকারি হিসাবে প্রায় ৩ হাজার ৫০০ টাকা লাগে। পুরো প্রক্রিয়া শেষ হতে ছয়-সাত মাস লাগে। দীর্ঘ সময় লাগে বলে যাঁদের তাড়া থাকে, তাঁরা শরণাপন্ন হন দালালদের। আরমান সোহেল সম্প্রতি চাকরিতে ঢুকেছেন। সেখানে মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক। ড্রাইভিং লাইসেন্সের জন্য দালাল ধরেছেন। ছয় হাজার টাকা দিতে হবে। তিনি বলেন, ‘আমার তাড়াতাড়ি লাগবে। হাই অফিশিয়ালে যোগাযোগ নাই। এই দালালরাই ভরসা।’ এ ছাড়া ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল সার্টিফিকেট লাগে। ১০০ টাকার বিনিময়ে দালালেরা ডাক্তারদের সিলটাও মেরে দেন।
তবে দালাল ধরে কাজ করানোর ভিন্ন অভিজ্ঞতাও রয়েছে। মোতালেব মিয়া এসেছেন তাঁর স্যারের গাড়ির ফিটনেস পরীক্ষার জন্য। তিনি বলেন, কয়েক বছর আগে ড্রাইভিং লাইসেন্স করার জন্য এসেছিলেন। টাকা নিয়ে তিন দিনের মাথায় কাগজপত্র ভুল আছে জানিয়ে দালাল আর কাজ করেননি। পাঁচ হাজার টাকা নিয়ে দুই হাজার টাকা ফেরত দিয়েছেন। সেবা নিতে আসা আরও কয়েকজন বলেন, দালালদের দিয়ে কাজ করালে নম্বর উল্টোপাল্টা হয়। সময় বেশি লাগলেও অনেকে তাই নিজে নিজেই করেন।
এ ছাড়া এখানে কর্তব্যরত আনসারদের বিরুদ্ধেও বাড়তি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, ড্রাইভিং লাইসেন্স করার জন্য ব্যাংকে টাকা জমার রসিদ জমা দেবেন। হেল্প ডেস্কের পাশেই এটা জমা নেওয়া হয়। সেখানে কর্তব্যরত একজন আনসার বলেন, বেলা তিনটার পরে যেতে। তবে তাঁকে ১০০ টাকা দিলে সঙ্গে সঙ্গেই জমা নেওয়া হবে।
বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) নাজমুল আহসান মজুমদার প্রথম আলোকে বলেন, ‘দালাল আছে এটা স্বীকার করি। তবে আমরা মোবাইল কোর্টও পরিচালনা করি। গত মাসেই মিরপুর আর ইকুরিয়া থেকে ৩২ জন দালাল ধরে জেলে দিয়েছি।’ তিনি আরও বলেন, প্রায়ই তাঁরা গণশুনানির আয়োজন করেন। মানুষকে সচেতন করেন দালালদের কাছে না যেতে। আনসারদের ব্যাপারে তিনি বলেন, তাঁদের বিরুদ্ধেও অভিযোগ আছে। তদন্ত চলছে।