ক্যাপটিভ খাতের প্রতিষ্ঠানে গ্যাস-সংযোগের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) লাইসেন্স লাগে। তবে রাজশাহীর মেসার্স আমান জুট ফাইবার্স লিমিটেড বিইআরসির লাইসেন্স ছাড়াই তাদের কারখানায় গ্যাস-সংযোগ নিয়েছে।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) সূত্রে জানা গেছে, রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি-নারকেলবাড়িয়া এলাকায় আমান জুট ফাইবার্স পাট থেকে সুতা উৎপাদন করছে। ২০১৪ সালের ১ ডিসেম্বর এ প্রতিষ্ঠানে গ্যাস-সংযোগ দেওয়া হয়। এটি ক্যাপটিভ খাতের প্রতিষ্ঠান। এ ধরনের প্রতিষ্ঠানে গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। সেই বিদ্যুৎ দিয়ে কারখানা চলে। আর শিল্প শ্রেণির প্রতিষ্ঠান সরাসরি গ্যাস ব্যবহার করে পণ্য উৎপাদন করে থাকে। নিয়ম অনুযায়ী ক্যাপটিভ খাতের প্রতিষ্ঠানে গ্যাস-সংযোগ পেতে হলে বিইআরসি থেকে লাইসেন্স নিতে হয়। আমান জুট ফাইবার্স সংযোগ পাওয়ার ছয় মাসের মধ্যে বিইআরসির লাইসেন্স জমা দেওয়ার অঙ্গীকার করছিল। কিন্তু দুই বছর পার হলেও তারা লাইসেন্স দেয়নি। সূত্র জানায়, তাদের ক্যাপটিভ খাতের ৩৫টি শিল্পপ্রতিষ্ঠান আছে। এর মধ্যে আমান জুট ফাইবার্স ছাড়া সবাই সংযোগ নেওয়ার সময় বিইআরসির লাইসেন্স জমা দিয়েছে।
পিজিসিএলের একটি সূত্রমতে, ২০১৪ সালের ২৯ ডিসেম্বর থেকে ক্যাপটিভ খাতের প্রতিষ্ঠানে গ্যাস-সংযোগ বন্ধ করার সিদ্ধান্ত নেয় বিইআরসি। এ সিদ্ধান্তের বিষয়টি আঁচ করতে পেরে গোপন যোগসাজশের মাধ্যমে লাইসেন্স ছাড়াই এর ২৮ দিন আগে (১ ডিসেম্বর) পিজিসিএল প্রতিষ্ঠানটিকে গ্যাস-সংযোগ দিয়ে দেয়। অবশ্য সংযোগ নেওয়ার সময় ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা দেওয়া হয়। এতে বলা হয়, সংযোগ প্রদানের দিন থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে আমান জুট ফাইবার্স বিইআরসির লাইসেন্স এনে দেবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স দিতে ব্যর্থ হলে পিজিসিএল তাদের বিরুদ্ধে যেকোনো ব্যবস্থা নিতে পারবে। এর পরিপ্রেক্ষিতে গত ২৬ ফেব্রুয়ারি পিজিসিএল থেকে আমান জুট ফাইবার্সকে চিঠি দেওয়া হয়। চিঠিতে গত ১৮ মার্চের মধ্যে কোম্পানির রাজশাহী কার্যালয়ে লাইসেন্স জমা দিতে বলা হয়। অন্যথায় গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা ছাড়া কোনো উপায় থাকবে না বলে জানানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন কোম্পানির রাজশাহীর ব্যবস্থাপক আ ফ ম আজাদ কামাল। সর্বশেষ গত রোববার আবারও আমান জুট ফাইবার্সকে একই ধরনের চিঠি দেওয়া হয়। যোগাযোগ করা হলে আজাদ কামাল এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।
আমান জুট ফাইবার্স মেসার্স আমান গ্রুপের একটি প্রতিষ্ঠান। যোগাযোগ করা হলে আমান গ্রুপের কারিগরি বিভাগের প্রধান শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, এই লাইসেন্স পাওয়ার জন্য যা যা করণীয়, তাঁরা সব করেছেন। লাইসেন্স দেওয়ার জন্য তাঁদের কারখানা পরিদর্শন করা হয়েছে। এরপর প্রতিবেদন বিইআরসিতে জমা পড়েছে। কিন্তু বিইআরসির ব্যবস্থাপনার পরিবর্তনের জন্য এটা হয়নি। পিজিসিএলের সর্বশেষ চিঠি পাওয়ার পরও তাঁরা বিইআরসিকে জানিয়েছেন। শিগগিরই লাইসেন্স দেওয়া হবে বলে তাঁদের জানানো হয়েছে।
ঢাকায় বিইআরসির সহকারী পরিচালক (বিদ্যুৎ) তারেক আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে সম্প্রতি তিনি প্রথম আলোকে বলেন, ওই লাইসেন্সের বিষয়টি তাঁদের কমিশন সভায় উঠেছিল। কিন্তু এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি স্থগিত আছে।