বিউটি হত্যা: পুলিশি তদন্ত কমিটি গঠন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ছাতাগর্ত হাওর থেকে কিশোরী বিউটি আক্তারের লাশ উদ্ধারের ঘটনায় পুলিশি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার তিন সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করা হয়।
হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা এ কমিটি গঠন করেন।
এ কমিটির প্রধান করা হয়েছে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আ স ম শামছুর রহমান ভূঞাকে। অপর দুই সদস্য হলেন, হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা এবং হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) নাজিম উদ্দিন।
পুলিশ সুপারের কার্যালয় থেকে আগামী তিন কার্যদিবসের মধ্যে আলোচিত এ হত্যাকাণ্ডের বিষয়ে মতামতসহ বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়।
পরিবারের সদস্যদের অভিযোগ, গত ২১ জানুয়ারি প্রথম দফায় অপহরণ ও ধর্ষণের শিকার হন বিউটি। প্রতিবেশী বাবুল মিয়া (৩৫) তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। এ ঘটনায় বিউটির বাবা সায়েদ আলী ৪ মার্চ হবিগঞ্জ আদালতে বাবুল মিয়া ও তাঁর মা একই ইউনিয়নের নারী সদস্য কলম চান বিবিকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন শায়েস্তাগঞ্জ থানায়। এ মামলার পর থেকে আসামিরা ওই পরিবারটিকে মামলা প্রত্যাহারের জন্য নানা ভাবে হুমকি দিয়ে আসছিল। যে কারণে বিউটি আক্তারের পরিবার মেয়ের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে গত ১৩ মার্চ বিউটিকে তাঁর নানার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার গনিপুর গ্রামে পাঠিয়ে দেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নানা বাড়ি থাকা অবস্থায় ১৭ মার্চ ভোরে নানি ফাতেমা বেগম ঘুম থেকে উঠে দেখেন তাঁর নাতিন বিউটি আক্তার পাশে ঘুমে নেই। পরে ওই দিন বেলা ১২টায় শায়েস্তাগঞ্জ থানার ছাতাগর্ত হাওরে তাঁর মরদেহ পাওয়া যায়। পরিবারের অভিযোগ, হত্যার আগে পুনরায় বিউটিকে ধর্ষণ করা হয়েছে। একই ধারণা পুলিশেরও। এ বিষয়ে ১৮ মার্চ প্রথম আলোর শেষ পৃষ্ঠায় নানার বাড়ি পাঠিয়েও শেষ রক্ষা হলো না শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিউটির লাশ উদ্ধারের ঘটনায় ১৮ মার্চ বাবুল মিয়া ও তাঁর মা কলমচান বিবিসহ ছয়জনের নামে ও অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করে হত্যা মামলা করেন সায়েদ আলী। এ মামলায় কলমচান গ্রেপ্তার হলেও মূল আসামি বাবুল এখনো গ্রেপ্তার হননি।
বিউটিদের বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ব্রাম্মণডোরা গ্রামে।