বিএডিসি কর্মকর্তার হাত কেটে ফেলল দুর্বৃত্তরা

কুষ্টিয়ার ভেড়ামারার বারমাইল এলাকায় এক সরকারি কর্মকর্তার ডান হাত কেটে নিয়েছে দুর্বৃত্তরা। তাঁর নাম নিপুণ কুমার নন্দী। তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ভেড়ামারা পাটবীজ উৎপাদন কেন্দ্রের উপসহকারী পরিচালক। বর্তমানে তিনি রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ ঘটনা ঘটে। নিপুণের বাড়ি রাজবাড়ী জেলার খানখানাপুর গ্রামে। তিনি কুষ্টিয়া লাহিনীপাড়ার বাসায় থাকেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে ভেড়ামারা কেন্দ্রে কাজ শেষে নিপুণ তাঁর মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বারমাইল এলাকায় একটি কোল্ড স্টোরের সামনে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধ করে। গতি কমার সঙ্গে সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে নিপুণের ডান হাতে কোপ দেয়। এতে তাঁর ডান হাতের কনুই থেকে নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
এ সময় নিপুণের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় প্রথমে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে ঢাকা পাঠানো হয়।
নিপুণের শ্বশুর বাবুল কুমার কুণ্ড প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে তিনটার দিকে তাঁরা ঢাকায় এসে পৌঁছান। প্রথমে তাঁকে হৃদরোগ ইনস্টিটিউটে, এরপর পঙ্গু হাসপাতালে, সেখান থেকে অ্যাপোলো হাসপাতালে, পরে আবার পঙ্গু হাসপাতালে নিয়ে আসেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর অস্ত্রোপচার শুরু হয়। তাঁরা নিপুণের হাতের বিচ্ছিন্ন অংশটুকু নিয়ে এলেও জোড়া দেওয়া সম্ভব নয় বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, নিপুণের যে হাতটি কেটে ফেলা হয়েছে, সেই হাতটি যেন আর ক্ষতিগ্রস্ত না হয়, সেই চেষ্টা করা হচ্ছে। তাঁর অস্ত্রোপচার করা হয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ছিনতাই না অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে—তা এখন পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের একাধিক দল রাত থেকেই মাঠে কাজ করছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।