বিএডিসির আরও পাঁচ হাজার ৪১৬ বস্তা সারের হদিস নেই
কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) সারের গুদাম থেকে আরও পাঁচ হাজার ৪১৬ বস্তা সার গায়েব করা হয়েছে। এর আগে ওই গুদাম থেকে ৮৬ হাজার বস্তা সার গায়েবের ঘটনায় গঠিত তদন্ত কমিটি বিষয়টি অনুসন্ধান করছে।
তদন্ত কমিটির ধারণা, একই চক্র পুরো সার কেলেঙ্কারির ঘটনার সঙ্গে জড়িত। এতে করে গায়েব হওয়া বস্তার সংখ্যা বর্তমানে ৮৬ হাজার থেকে বেড়ে ৯১ হাজার ৪১৬টিতে দাঁড়িয়েছে।
বিএডিসির তদন্ত কমিটির আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, টানা তিন দিন কাজ করে বৃহস্পতিবার তদন্ত শেষ করা হয়েছে। তদন্তের স্বার্থে প্রথমে মজুতের পরিমাণ বের করা হয়েছে। এতে দেখা গেছে, গায়েব হওয়া সারের বস্তার পরিমাণ আরও বেশি।
সর্বশেষ হিসাবে দুই হাজার ২৪৭ দশমিক ৩৫০ টন এমওপি, এক হাজার ৪০০ দশমিক ২০০ টন টিএসপি ও ৯২৩ দশমিক ২৫ টন ডিএপি সার কম পাওয়া গেছে। এসব সার ৯১ হাজার ৪১৬ বস্তায় ছিল।
সার গায়েবের ঘটনা ফাঁস হওয়ার পর টানা এক সপ্তাহ ধরে অচলাবস্থার কারণে বিএডিসির ভৈরব গুদাম থেকে সার সরবরাহ বন্ধ রয়েছে। এতে কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মুন্সিগঞ্জের ২০ উপজেলার অসংখ্য ডিলার গতকালও সার পাননি।
বিএডিসির গুদাম থেকে ৮৬ হাজার বস্তা সার গায়েব হওয়ার ঘটনায় কর্তৃপক্ষ গুদামের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক (সার) রেজাউল করিম ও গুদামরক্ষক খোর্শেদ আলমের বিরুদ্ধে মামলা করেন। একই কারণে তাঁদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। মামলা হওয়ার পর তাঁরা গুদামে তালা ঝুলিয়ে গা ঢাকা দেন।