নাটোরে সরকারি বরাদ্দের মসুর ডালের বীজ অবৈধভাবে বিক্রির অভিযোগে বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বিএডিসি ও জেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, কৃষকদের জন্য সরকারিভাবে বরাদ্দ দেওয়া মসুরবীজ অনুমোদিত ডিলারদের কাছে সরবরাহ না করে অবৈধভাবে ব্যবসায়ীদের কাছে বিক্রির অভিযোগে বিএডিসির (বীজ) রাজশাহী বিভাগীয় কর্মকর্তা (উপপরিচালক) জাকির হোসেন ও জেলা কর্মকর্তা (সহকারী পরিচালক) এইচ এস জাহিদুল ফেরদৌসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাজশাহী বিভাগীয় বিএডিসির বর্তমান কর্মকর্তা (ডিডি) ফজলে রব বরখাস্তের বিষয়টি গত সোমবার বিকেলে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনাটি সংস্থার পক্ষ থেকে তদন্ত করে দেখা হচ্ছে।
বিএডিসি (বীজ) নাটোর কার্যালয়ের কর্মকর্তারা বলেন, জেলায় চলতি মৌসুমে সাড়ে ২৬ হাজার হেক্টর জমিতে মসুর চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি হেক্টরে ৩৫ থেকে ৪০ কেজি বীজের প্রয়োজন। সে হিসেবে এবার জেলায় বীজের চাহিদা রয়েছে ৯০০ থেকে ১০০০ হাজার মেট্রিক টন। এর মধ্যে বিএডিসির নির্ধারিত ডিলারদের মাধ্যমে বিক্রির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ৭৪ মেট্রিক টন। কিন্তু জেলার ১১৪ জন ডিলারের কারও কাছেই বীজ পাচ্ছেন না বলে কৃষকেরা তাঁদের কাছে অভিযোগ করেন।
প্রশাসন কৃষকদের অভিযোগের ব্যাপারে অনুসন্ধান করার একপর্যায়ে ১ নভেম্বর লালপুর উপজেলার বিরোপাড়া মহল্লার জুয়েল ইসলামের বাড়ি থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১০ হাজার ২২০ কেজি বিএডিসির প্রত্যয়িত মসুরবীজ উদ্ধার করেন। স্থানীয় উপজেলা প্রশাসনের উপস্থিতিতে র্যাব-৫-এর সদস্যরা ওই বীজ জব্দ করে। পরে ওই বীজ সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয় ও বীজের মজুতদারকে জরিমানা করা হয়। এ ঘটনায় বিএডিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা আরও তদন্ত শুরু করেন। প্রাথমিক অনুসন্ধানে তাঁরা জানতে পারেন, নাটোর জেলায় বরাদ্দ দেওয়া মসুরের অধিকাংশ বীজ নির্ধারিত ডিলারদের না দিয়ে সাধারণ ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে উল্লিখিত কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।