বিএডিসির প্রকৌশলী ছুরিকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিএডিসির এক প্রকৌশলী গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের ছয় রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই প্রকৌশলীর নাম সাজ্জাদ হোসেন (৩৫)। বাড়ি সিরাজগঞ্জ জেলায়। সাজ্জাদ মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে অফিস শেষে মোটরসাইকেলে করে শহরের থানাপাড়ার ছয় রাস্তার মোড়ের বাসায় ফিরছিলেন সাজ্জাদ হোসেন। বাসার কাছে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁর শরীরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। সাজ্জাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
হাসপাতালের চিকিৎসক এস এম কামাল হোসেন জানান, সাজ্জাদ হোসেনের শরীরে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘সাজ্জাদ হোসেনের ওপর হামলার ঘটনা শুনেছি।’