বিএডিসির বীজে প্রতারিত তিন শতাধিক কৃষক
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় চলতি বোরো মৌসুমে বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) বীজ ব্যবহার করে তিন শতাধিক কৃষক প্রতারিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
ক্ষতিগ্রস্ত কয়েকজন কৃষক ও উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা রামচন্দ্রকুড়া ইউনিয়নের তিন শতাধিক কৃষক বোরো আবাদের জন্য এবার পৌর শহরের বিভিন্ন দোকান থেকে বিএডিসির সুপার হাইব্রিড বীজ ক্রয় করেন। পরে তাঁরা ওই বীজ বেলতৈল এলাকায় ৬০০ একর জমিতে চাষ করেন। এর মধ্যে দুই শতাধিক কৃষক জমি টংক (শুধু বোরো আবাদের জন্য একর প্রতি ১২ মণ ধান দেওয়ার চুক্তি) নিয়ে চাষ করেন। প্যাকেটের নিয়মাবলি অনুযায়ী, কৃষকেরা তাঁদের খেতে সার-বিষ প্রয়োগ করেন। যখন ধানে শিষ আসে, তখন কৃষকেরা দেখতে পান তাঁদের খেতে দেশি জাতের ব্রি-২৮ ফলন হয়েছে। কিন্তু হাইব্রিড পদ্ধতিতে সার-বিষ দেওয়ায় তাঁদের সেই খেতের ধান মরে গেছে। শুধু খড়ের চুক্তিতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা তাঁদের খেত কেটে নিতে অন্যদের দিয়ে দিয়েছেন। এ ঘটনায় ওই দরিদ্র কৃষকেরা ক্ষতিপূরণসহ বিএডিসির বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
বেলতৈল এলাকার কৃষক আজম আলী (৬৫) বলেন, ‘দুই একর জমি টংক নিয়া স্থানীয় সমিতি থাইকা উচ্চসুদে ঋণ নিইয়া ৫০ হাজার টেহা খরচ করছি। দুই কুরে ১০ কেজি হাইব্রিড বীজ লাগাইছি। অহন দেহি খেতের ধান অইছে ২৮ জাতের। হাইব্রিডের সার-বিষ দেওয়নে খেতের সব ফসল মইরা গেছে। অহন আমরা কী করবাম। ঋণ পরিশোধ করবাম কেমনে, একমাত্র আল্লাহ জানে।’
কৃষক মো. নুর হোসেন (৩৮) বলেন, ‘বোরো আবাদের লাইগা পৌর শহরের জনি এন্টারপ্রাইজ থাইকা এসএল-৮ এইচ সুপার হাইব্রিড (এফ ওয়ান) বীজ, ৩ হাজার ৮০০ টেহা দিয়া কিনছি। হাইব্রিডের পরিবর্তে খেত অইছে ২৮ জাতের ধান। সার-বিষ দেওয়ায় খেতের সব ফসল মইরা গেছে। অহন বাধ্য অইয়া গ্রামবাসীদের খেত কাইটা নিয়নের কথা কইছি। যারা আমগর সব শেষ কইরা দিল, তাগর আমরা শাস্তি চাই।’
জনি এন্টারপ্রাইজের মালিক আবদুল লতিফ বলেন, ‘অনেক কৃষকই বিষয়টা জানিয়েছেন। এখানে তো আমাদের কিছু করার নেই। তবে বিষয়টি বিএডিসিকে দেখার অনুরোধ জানানো হয়েছে।’
ইউএনও মো. আবু সাঈদ মোল্লা বলেন, ‘কৃষকদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। বিষয়টি দ্রুত দেখে যথাযথ ব্যবস্থা নিতে কৃষি কর্মকর্তাকে বলা হয়েছে।’
জামালপুর বিএডিসির বীজ বিপণন কেন্দ্রের উপপরিচালক (ডিডি) মো. বদর উদ্দিন গত সোমবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিএডিসির সুপার হাইব্রিড ২৮ জাতের ধান হওয়ার কথা নয়। অভিযোগটি আমি শুনেছি। বিষয়টি দুঃখজনক। সংশ্লিষ্ট এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক, কৃষি কর্মকর্তা ও ডিলারদের সমন্বয়ে বিষয়টি তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে।’