বিএনপি ও জাপার প্রার্থীদের পোস্টার ছেঁড়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জের কৈলাইলসহ কয়েকটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিএনপি, জাতীয় পার্টি (জাপা) ও স্বতন্ত্র প্রার্থীদের ব্যানার, পোস্টার ছেঁড়া ও নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থীদের কর্মী-সমর্থকেরা এই কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার ১৪টি ইউপি নির্বাচনে আগামী ৭ মে ভোট। এতে চেয়ারম্যান পদে ৬০ জন লড়ছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত ১৪ জন, এ দলের বিদ্রোহী আটজন, বিএনপির প্রার্থী ১৩ জন, এ দলের বিদ্রোহী চারজন, জাতীয় পার্টির (জাপা) চারজন ও স্বতন্ত্র ১৭ জন।
গতকাল শুক্রবার দুপুরে কৈলাইল ইউনিয়নের কাটাখালী ও মাশাইল গ্রামে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাতে বিএনপির প্রার্থী শেখ সেলিম, জাপার আইনুল চৌধুরী ও বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মোক্তার হোসেনের নির্বাচনী ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এসব এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর সব পোস্টার ও ব্যানার রয়েছে।
মোক্তার হোসেন প্রথম আলোর কাছে অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ প্রার্থী পান্নু মাতবরের কর্মী-সমর্থকেরা তাঁর ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলেন। তিনি আরও বলেন, ‘আমি যাতে নির্বাচন না করতে পারি, সে জন্য আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।’
জাপা প্রার্থী আইনুল বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থীর লোকজন আমার ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলেছে। বিষয়টি পুলিশকে জানিয়েছি।’ অভিযোগ অস্বীকার করে পান্নু মাতবর বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজেরাই পোস্টার ও ব্যানার ছিঁড়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।’
এ ছাড়া বাহ্রা ইউপিতে বিএনপির প্রার্থী আবদুস সালামের নির্বাচনী কার্যালয়টি বৃহস্পতিবার রাত ১০টার দিকে কে বা কারা ভাঙচুর করেছে। এ ইউপিতে প্রায়ই আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটছে। বিদ্রোহী প্রার্থী মো. সুবেদুজ্জামান বলেন, ‘নৌকা প্রতীকের প্রার্থী সাফিল উদ্দিন মিয়া আমার লোকজনকে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। এতে এলাকার সাধারণ ভোটাররা আতঙ্কে আছেন।’
এদিকে গত মঙ্গলবার সন্ধ্যায় শিকারীপাড়া ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী আলীমোর রহমানের কর্মী-সমর্থকেরা বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের মোটরসাইকেল বহরে হামলা করে পাঁচজনকে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় আটটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। তবে এ অভিযোগ অস্বীকার করে আলীমোর দাবি করেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।’
নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান বলেন, ‘বিচ্ছিন্ন কিছু ঘটনার সংবাদ পেয়েছি। যেসব স্থানে এ ধরনের অভিযোগ রয়েছে, সেখানেই পুলিশ কঠোরভাবে কাজ করছে। কাউকেই ছাড় দেওয়া হবে না।’