বিএনপি ও জামায়াতের ১৬ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতা করে জনমনে ভীতি সৃষ্টির অভিযোগে কক্সবাজারের চকরিয়ায় বিএনপি ও জামায়াতের ১৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুখেন্দু বসু গত বুধবার রাতে এই মামলা করেন।

এদিকে নাশকতার অভিযোগ অস্বীকার করে বিএনপির নেতারা বলছেন, পৌর নির্বাচন সামনে রেখে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের নতুন করে মামলায় জড়াচ্ছে।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন চকরিয়া পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক নুরুল আমিন, চকরিয়া পৌর জামায়াতের আমির আরিফুল কবির, চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি জয়নাল আবেদিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাহাবউদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়, ২ নভেম্বর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন শুনানির দিন ধার্য ছিল। এই শুনানিকে কেন্দ্র করে ২ নভেম্বর ভোরে চকরিয়া পৌর শহরের নিউ মার্কেটের সামনে ২০-৩০ জন ব্যক্তি জড়ো হয়ে সরকার ও সরকারপ্রধানের বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় ওই ব্যক্তিরা পরস্পর যোগসাজশে সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতা, সন্ত্রাসী কার্যকলাপ ও ভাঙচুর করে ক্ষতিসাধন করে জনসাধারণের মনে ভীতি সৃষ্টি করেছেন।

পৌর বিএনপির যুগ্ম সম্পাদক নুরুল আমিন বলেন, ২ নভেম্বর চকরিয়ায় বিএনপির কোনো কর্মসূচি ছিল না। ওই দিন চকরিয়া পৌর শহরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। তিনি বলেন, পুলিশ অতি উৎসাহী হয়ে বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা করে তাঁদের পৌর নির্বাচন থেকে দূরে রাখার অপচেষ্টা চালাচ্ছে।

তবে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ গায়ে পড়ে অযথা মিথ্যা মামলা করবে কেন?