পাঁচ জেলা থেকে বিএনপি এবং জামায়াত-শিবিরের ৩৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতার পরিকল্পনার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ঢাকার বাইরে থেকে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতকানিয়া (চট্টগ্রাম): উপজেলার কেরানীহাটের একটি কোচিং সেন্টার থেকে গত রোববার সন্ধ্যায় ছাত্রশিবিরের ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বয়স ১৮ থেকে ২১ এর মধ্যে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ওই কোচিং সেন্টারে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিলেন।
যশোর: জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হককে উপশহর এলাকার বাসভবন থেকে রোববার গভীর রাতে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় বিএনপির আরও তিন নেতার বাড়িতে হানা দেয় পুলিশ। কিন্তু তাঁরা বাড়িতে ছিলেন না। এই তিন নেতা হলেন যশোর জেলা বিএনপির সহসভাপতি গোলাম রেজা, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।
যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা নেই। নাশকতার কয়েকটি মামলায় কারাভোগ করে সম্প্রতি তাঁরা জামিনে মুক্তি পেয়েছেন। তবে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক প্রথম আলোকে বলেন, বিএনপির অভিযোগ সত্য নয়। নাশকতা সৃষ্টির অভিযোগে বিএনপির সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযোগে অন্যদের বাড়িতে অভিযান চালানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া: শহরের পাওয়ার হাউস রোড-সংলগ্ন নিউ মৌড়াইল এলাকার একটি বাড়ি থেকে জামায়াত-শিবিরের ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে গ্রেপ্তার কর্মীদের একজন হলেন জেলা জামায়াতের আমির আবদুল মমিনের ছেলে জামায়াতের কর্মী মাওলানা মো. দিদার। অন্যরা সবাই শিবিরের কর্মী।
সদর মডেল থানার এএসপি তাপস রঞ্জন বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার তাঁদের রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হবে।
হবিগঞ্জ: উপজেলার শায়েস্তাগঞ্জ, লাখাই ও নবীগঞ্জ থানায় অভিযান চালিয়ে জামায়াতের ছয় নেতা-কর্মীসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে পাঁচটি ককটেল, কিছু জিহাদি বই এবং সরকারবিরোধী লিফলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার নেতা-কর্মীদের মধ্যে অন্যতম হলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির মাওলানা আশরাফ আলী।
কিশোরগঞ্জ: বিএনপি ও জামায়াতের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন জেলা জামায়াতের সেক্রেটারি রমজান আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি ইসরাঈল মিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, অষ্টগ্রাম উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আনোয়ার হোসেন এবং অষ্টগ্রাম উপজেলা জামায়াতের সদস্য সানু মিয়া।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, নাশকতা সৃষ্টির মামলায় সন্দেহভাজন হিসেবে জামায়াতের নেতা রমজান আলী ও বিএনপির নেতা ইসরাঈলকে গ্রেপ্তার করা হয়েছে। আর শামীম একটি মামলার পলাতক আসামি। গতকাল দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।