বিএনপি ও জামায়াতের কর্মীসহ ২১ জন গ্রেপ্তার
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল ও টানা অবরোধের মধ্যে গত রোববার সন্ধ্যা থেকে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রামে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের অধিকাংশই বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মী। নাশকতায় জড়িত থাকার সন্দেহে এবং মামলাসহ বিভিন্ন ঘটনায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ১৯ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত ১২টার পর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত কর্মীরা হলেন সাতকানিয়ার নূর আহমদ, মাঈন উদ্দিন, মো. জাহাঙ্গীর, মো. মহিউদ্দিন, মোহাম্মদ হোসেন, জয়নাল আবেদীন, মো. বেলাল উদ্দিন, মো. আবুল হোসেন, মো. আমানুল্লাহ, মোহাম্মদ সাকিল, মোজাম্মেল হক, হারুনুর রশিদ, মো. ফয়জুল্লাহ, মো. আমিরুল হক, মোহাম্মদ আলী, মাহবুবুর রহমান ও মো. হাবিবুল্লাহ এবং বাঁশখালীর মো. হাবিবুল্লাহ ও মোস্তাফিজুর রহমান।
সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম এমরান ভূঞার দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা আছে। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে খুলশী থানার ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে দুজনকে অস্ত্রসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার রাতে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন শাহ জামাল ও তাজুল ইসলাম।
বিজিবি জানায়, আটক দুজনের কাছ থেকে দুটি পিস্তল, ১০টি গুলি ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। শাহ জামাল বোমা দিলীপ হিসেবে এলাকায় পরিচিত। দুজনের বিরুদ্ধেই থানায় একাধিক মামলা রয়েছে। আটকের পর তাঁদের খুলশী থানায় হস্তান্তর করা হয়।