বিএনপি ও জামায়াতের তিন নেতা-কর্মী গ্রেপ্তার
নাশকতার অভিযোগে রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী উপজেলা শাখার রুকনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে বগুড়ার ধুনটে তিনটি মামলার আসামি এক বিএনপির নেতা গ্রেপ্তার হয়েছেন।
মিঠাপুকুর থানা-পুলিশ জানায়, গত সোমবার রাতে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের পিরোজপুর গ্রামের একটি বাড়িতে গোপন বৈঠক শেষে বাড়ি ফিরছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম ও জামায়াতের কর্মী তাজুল ইসলাম। পথে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, তাঁদের দুজনের নামে থানায় একাধিক মামলা রয়েছে। তাঁরা পলাতক ছিলেন। আদালতের মাধ্যমে তাঁদের গতকাল মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে ধুনটে গ্রেপ্তার হওয়া রেজাউল ইসলাম (৪২) মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। উপজেলার মথুরাপুর বাজার থেকে গতকাল দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।
থানা-পুলিশ জানায়, বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধ চলাকালে গত বছর ১৯ জানুয়ারি ধুনট-শেরপুর রোডের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় নাশকতার চেষ্টা করে হরতালকারীরা। এ সময় বাধা দিলে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা হামলা চালিয়ে চার পুলিশ সদস্যকে আহত করেন। এ ঘটনায় ধুনট থানায় একটি মামলা হয়। রেজাউল ইসলাম ওই মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া রেজাউল ইসলামের বিরুদ্ধে বিস্ফোরক আইনে ও মারপিটের ঘটনায় দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে।