বিভিন্ন মামলার আসামি হওয়া এবং কথিত নাশকতার পরিকল্পনায় জড়িত থাকা ও গোপন বৈঠক করার অভিযোগে কয়েক দিন ধরে চলছে পুলিশের ধরপাকড়। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত পাঁচ জেলা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ১১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নাশকতার মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিএনপির নেতা এনায়েত হোসেনকে (৩৫) গত মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ডে পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে তাঁকে।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গতকাল বুধবার দুপুরে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়। পুলিশ জানায়, কোনো মামলা না থাকলেও বিভিন্ন ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয় তাঁকে। নজরুল ইসলাম নাশকতার পরিকল্পনা করছিলেন বলেও গোপন খবর ছিল। তাঁকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নীলফামারীর জলঢাকা উপজেলায় গোপন বৈঠক করার অভিযোগে ছাত্রশিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার ধাইজানপাড়া জামে মসজিদ থেকে গতকাল দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়। এঁরা হলেন কাঁঠালী গ্রামের আলমগীর হোসেন, খুঁটামারা গ্রামের রাকিব, পূর্ব খুঁটামারা গ্রামের আবদুর রাজ্জাক ও জলঢাকা পৌর শহরের আতিকুল ইসলাম।
চট্টগ্রামের সাতকানিয়ার বারদোনা দোভাষীপাড়া ফোরকানিয়া মাদ্রাসা থেকে মঙ্গলবার রাতে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করা হয় জামায়াত-শিবিরের তিন কর্মীকে। পুলিশের ভাষ্য, গোপন বৈঠকের প্রস্তুতিকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দোভাষীপাড়া এলাকার ফারুক আজম ও হাফেজ জাহেদুল হক এবং কক্সবাজারের চকরিয়ার রুহুল কাদের।
নওগাঁর রানীনগর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আনজির হোসেনকে গতকাল বেলবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। উপজেলার বোঁহার গ্রামের আওয়ামী লীগের নেতা আমজাদ হোসেন হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। আনজিরকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ছাড়া নাশকতা ও সহিংসতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে নজিপুর পত্নীতলার নজিপুর পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আক্কাস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পত্নীতলা থানার ওসি আজিম উদ্দীন বলেন, নাশকতা ও সহিংসতার অভিযোগে আক্কাস আলীকে গ্রেপ্তার করা হয়েছে। নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় মসজিদ মার্কেটে নেতা-কর্মীদের নিয়ে তিনি নাশকতার পরিকল্পনা করছেন এমন তথ্য পুলিশের কাছে ছিল।