বিএনপি ও জামায়াতের ৪২ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বিরুদ্ধে চলা ধরপাকড় অভিযানের অংশ হিসেবে তিন জেলায় ৪২ জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। নাশকতামূলক কর্মকাণ্ডের মামলা ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
ঢাকার বাইরে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি ও অফিসের পাঠানো খবর:
ফরিদপুরে পুলিশ, র‌্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে গ্রেপ্তার হন বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ ৪০ জন। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয় ফরিদপুর সদরসহ নয়টি উপজেলায়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ভাঙ্গা উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সরোয়ার হোসেনকে (৫০) বৃহস্পতিবার রাতে চান্দ্রা ইউনিয়নের পাঁচকুল গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। উল্লেখযোগ্য আরও কয়েকজন হলেন নগরকান্দা উপজেলা জামায়াতের আমির সোহরাব হোসেন, মধুখালী পৌর জামায়াতের আমির লিয়াকত বিশ্বাস, বোয়ালমারী জামায়াতের আবদুস সামাদ, আল-আমীন ও নুরুল ইসলাম; মধুখালী উপজেলার কোরকদী ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান এবং বাগাট ইউনিয়ন বিএনপির সহসভাপতি ওলেমান চৌধুরী।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সদর দপ্তরের নির্দেশে এ অভিযান চালানো হয়েছে। অভিযানে র‌্যাব ও বিজিবি সদস্যরাও অংশ নিয়েছেন।
এদিকে জেলা বিএনপির সভাপতি জহিরুল হক নেতা-কর্মীদের ‘হয়রানিমূলকভাবে’ গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে তাঁদের মুক্তি দাবি করেছেন।
বগুড়ার শেরপুরে মহাসড়কে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগে করা এক মামলায় স্থানীয় জামায়াতের কর্মী নূর ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে মির্জাপুর রানীর হাটমোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন বলেন, তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ও স্থানীয় পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার মনির আযমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে গতকাল আদালতে পাঠানো হয়।