বিএনপি ও যুবদল নেতার বাড়িতে হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর বাজারে বিএনপি ও যুবদল নেতার বাড়িসহ তিনটি বাড়িতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। গত শনিবার দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যায় নবীপুর এলাকার শিবির ও ছাত্রদলের কয়েকজন কর্মী ছাত্রলীগে যোগদান করেন। এ নিয়ে নবীপুর বাজারসংলগ্ন মোল্লাবাড়িতে খাবার-দাবারের আয়োজন করা হয়। রাত আটটার দিকে যোগদানকারীদের নিয়ে নেতা-কর্মীরা নবীপুর বাজারে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি বাজার প্রদক্ষিণের একপর্যায়ে রাস্তার পাশের একটি বাড়ির সামনে একটি ককটেল বিস্ফোরণের শব্দ হয়।
এ সময় বাড়ির গৃহকর্তা প্রবাসী আহছান ও প্রতিবেশী ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ প্রতিবাদ করেন। এ নিয়ে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে তাঁদের তর্কাতর্কি হয়। একপর্যায়ে বিষয়টি সেখানেই মীমাংসা হয়ে যায়। এরপর রাত ১০টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা এসে বিএনপি নেতা সিরাজ, যুবদলের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন ও প্রবাসী আহছানের বাড়িতে হামলা চালান।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজা মিয়া অভিযোগ করেন, বিএনপির কর্মীরাই আগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীদের ওপর হামলা চালিয়েছেন। পরে আওয়ামী লীগের কর্মীরা তাঁদের ধাওয়া করেছেন, কিন্তু হামলা-ভাঙচুরের অভিযোগ ভিত্তিহীন।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিন উল্লা বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা আনন্দ উৎসব করতে গিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। বিএনপি নেতা প্রতিবাদ করায় তাঁর বাড়িসহ তিন বাড়িতে হামলা চালানো হয়েছে। সেনবাগ থানার ওসি মোমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিবিরের ছেলেরা ছাত্রলীগে যোগদান করায় ছাত্রদল সেখানে গিয়ে হামলা চালায় বলে তিনি শুনেছেন। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।