বিএনপি-জামায়াতের আরও ১৩১ নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৩১ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত তাঁদের আটক করা হয়েছে। ভোলায় আটক করা হয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়াকে। আটককৃতদের অনেকে হরতাল-অবরোধের মধ্যে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার আসামি। আর অন্যদের আটক করা হয়েছে নাশকতা সৃষ্টি করতে পারেন সন্দেহে।
ঢাকার বাইরে থেকে নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরা: সাতক্ষীরায় গ্রেপ্তার করা হয়েছে ৩৭ জনকে। জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
এ ছাড়া জেলার সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলা বিএনপির সভাপতি আলতাফ হোসেন হত্যা মামলায় শুক্রবার রাত সাড়ে ১১টায় পাটকেলঘাটার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পাটকেলঘাটা থানার ওসি তরিকুল ইসলাম।
নোয়াখালী: শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফরহাদ চৌধুরীসহ বিএনপি, জামায়াত ও সহযোগী সংগঠনের ৩২ নেতা-কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ছাত্রদল নেতা ফরহাদ চৌধুরীকে গতকাল শনিবার দুপুরে শহরের জেলা কারাগার সড়ক থেকে গ্রেপ্তার করা হয়। বাকিদের শনিবার রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।
রামগতি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদর আলেকজান্ডার বাজার থেকে শুক্রবার রাতে রামগতি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. নুরনবী, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. জুনাব আলী ও বাজারের একটি কম্পিউটার দোকানের মালিক যুবায়ের হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় যুবায়েরের দোকান থেকে ইসলামী ছাত্রী সংস্থার কর্মপরিকল্পনা ও নির্দেশনাসংবলিত শতাধিক কপি প্রচারপত্র উদ্ধার করা হয়।
গাইবান্ধা: জেলার সাত উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ১২টা থেকে গতকাল শনিবার বিকেল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া: শুক্রবার দিনগত রাত থেকে গতকাল সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ১৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কয়রা: খুলনার কয়রা উপজেলা সদরের মাস্টারপাড়া এলাকার একটি বাসা থেকে গতকাল ভোরে একটি শাটার গান, তিনটি হাতবোমা ও দুটি বন্দুকের গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভোলা: জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়াকে শহরের পিটিআই এলাকা থেকে গতকাল বিকেলে আটক করেছে পুলিশ।
সিরাজগঞ্জ: শুক্রবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সলঙ্গা থানা জামায়াতের সহসভাপতি আবদুল গফুর মোল্লা কামারখন্দ উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবদুল মান্নান জুরানসহ বিএনপি-জামায়াতের ১০ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।