বিএনপি-জামায়াতের গ্রেপ্তার ২০৯
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধের মধ্যে শুরু হওয়া ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন গতকাল সোমবার ১৮ জেলা থেকে দুই শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ঝালকাঠি থেকে শহর বিএনপির সভাপতি, রাজশাহীর চারঘাট উপজেলা জামায়াতের নায়েবে আমিরসহ বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ নেতারা রয়েছেন। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তির মোড় এলাকায় গতকাল সোমবার সকালে একটি ট্রাকবহরে হামলার ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে। সাড়ে নয়টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা সোনামসজিদ স্থলবন্দরগামী ওই ট্রাকবহরে হামলা চালান। এ সময় তাঁরা কয়েকটি অটোরিকশাও ভাঙচুর করেন।
ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৯ মাইল এলাকায় রোববার রাতে পণ্যবাহী একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় নয়জনকে আটক করা হয়েছে। পিকআপে আগুন দেওয়ার ঘটনায় চালক নাজমুল ইসলাম (২৬) গুরুতর দগ্ধ হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে হরতাল-সমর্থকদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মো. আলম মিয়া (২৬) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত রোববার সকালে হরতালের সমর্থনে উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা উপজেলা সদরে মিছিল বের করলে পুলিশের সঙ্গে হরতাল-সমর্থকদের সংঘর্ষ বাধে। এতে পুলিশ ও দুই সাংবাদিকসহ ৩০ জন আহত হন।
বগুড়ার দুপচাঁচিয়ায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় জড়িত সন্দেহে জামায়াতের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম জালাল উদ্দিন (৪৫)। উপজেলার কামারগ্রামের মৃত কাজেম উদ্দিনের ছেলে জালাল উদ্দিন দুপচাঁচিয়া সদর ইউনিয়ন জামায়াতের রুকন (সদস্য) বলে দাবি করেছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ও পৌর সদরে রোববার রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন জামায়াত কর্মী মো. তৌহিদুল আলম বিএনপি কর্মী ও পৌর সদরের দক্ষিণ মহাদেবপুর গ্রামের মৃত জামাল উল্লাহর ছেলে খোরশেদ আলম এবং শিবির কর্মী ও আমিরাবাদ গ্রামের সাহাব উদ্দীনের ছেলে লিয়াকত আলী।
সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায়ও রোববার রাত থেকে সোমবার পর্যন্ত অভিযান চালিয়ে ছয়জন জামায়াত-শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতকানিয়া থানার ওসি মো. খালেদ হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে একাধিক মামলার পাশাপাশি নতুন করে সহিংসতা সৃষ্টির চেষ্টার অভিযোগও রয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুককে গ্রেপ্তার করেছে শৈলকুপা থানা-পুলিশ। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন বোয়ালিয়া বাজার থেকে তাঁকে আটক করা হয়। পরে বিকেল সাড়ে চারটায় আদালতে পাঠানো হলে আদালত তাঁকে ঝিনাইদহ জেলখানায় প্রেরণ করেন। ওমর ফারুকের বাসা ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলাধীন জাঙ্গালিয়া গ্রামে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা শহর এবং ক্যাম্পাস এলাকায় আগামী বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৩৬ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে।
নাশকতার আশঙ্কায় পুলিশ সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতকাল বিএনপি-জামায়াতের কর্মীসহ ৪৪ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে বিএনপি-জামায়াতের সাতজন নেতা-কর্মী রয়েছেন।
বগুড়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে শহর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার ওরফে গোর্কিসহ (৩৮) বিএনপি-জামায়াতের ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রোববার রাতে শহরের নারুলী এলাকা থেকে যুবদল নেতা আদিলকে গ্রেপ্তার করা হয়। জেলার শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে নাশকতার মামলায় গতকাল বিএনপির চার কর্মীকে আটক করা হয়। গতকালই তাঁদের আদালতে পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার আশঙ্কায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিরাজগঞ্জে নাশকতার অভিযোগে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০-দলীয় জোটের ছয় কর্মীকে আটক করেছে।
রংপুরে রোববার দিবাগত রাত থেকে গতকাল ভোর পর্যন্ত ৫৯ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এর মধ্যে ১০ জন জামায়াত ও ১০ জন বিএনপি কর্মী। বাকি ৩৯ জন অন্যান্য মামলার আসামি। এদিকে, রংপুর শহরে ধানবোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় একজন ওয়ার্ড কাউন্সিলরসহ বিএনপি-জামায়াত ও ছাত্রদলের ৪২ জন নেতা-কর্মীকে অভিযুক্ত করে একটি মামলা হয়েছে।
গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালই তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আফজাল হোসেনের বাসায় এবং একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শহর বিএনপির সভাপতি অনাদী দাসকে গতকাল নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া, আদালতপাড়া এলাকা থেকে শহর জামায়াতের আমির ফারুক হোসেনকেও আটক করে থানা-পুলিশ।
নাশকতার অভিযোগে রাজশাহীর চারঘাট উপজেলা জামায়াতের নায়েবে আমির ও চারঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হককে গতকাল বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।
ফেনী শহর জামায়াতে ইসলামীর সহকারী সম্পাদক মো. ইলিয়াছকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেনী সদর মডেল থানার উপপরিদর্শক মো. জিয়াউল হক জানান, ইলিয়াছের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
হবিগঞ্জের পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন তিন পুলিশ কর্মকর্তার বাসভবনের সামনে বোমা নিক্ষেপের অভিযোগে রোববার মধ্যরাতে তিন তরুণকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। তাঁরা এ বোমা নিক্ষেপের দায় স্বীকার করেছেন বলে পুলিশ জানায়।