বিএনপি-জামায়াতের আরও ছয় নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার বিভিন্ন মামলায় রংপুর, নোয়াখালী, কুমিল্লায় গত শনি ও রোববার বিএনপি-জামায়াতের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া দিনাজপুরে আত্মসমর্পণ করেছেন চার মামলার আসামি জামায়াত-শিবিরের ১৩ নেতা-কর্মী। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক কার্যালয়গুলোর পাঠানো খবর:

রংপুর: নাশকতার মামলায় বিএনপির চার নেতা-কর্মীকে গত শনিবার দিবাগত রাতে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন রংপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ, সদর উপজেলার সদ্দপুষ্করীনি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবেদ আলী, চন্দনপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান এবং সদস্য ওলিউর রহমান।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, শনিবার দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে থানায় মামলা রয়েছে।

কুমিল্লা: নাশকতায় জড়িত থাকার অভিযোগে কুমিল্লার দাউদকান্দি পৌর জামায়াতের অর্থ সম্পাদক মো. রেজাউল করিমকে (৩২) গতকাল রোববার গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবির উপপরিদর্শক (এসআই) মো. জিল্লুর রহমান বলেন, মো. রেজাউল করিম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। নগরের ফৌজদারি মোড় থেকে গতকাল দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। রেজাউলের বিরুদ্ধে বিভিন্ন থানায় বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও অস্ত্র আইনসহ বিভিন্ন আইনে আটটি মামলা রয়েছে।

নোয়াখালী: নাশকতার মামলায় নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির নেতা মো. ইউছুফকে (৩৫) গতকাল দুপুরে গ্রেপ্তার করে পুলিশ।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ইউছুফ মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক। মোহাম্মদপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নাশকতার দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

দিনাজপুর: নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা চারটি মামলার আসামি জামায়াত-শিবিরের ১৩ নেতা-কর্মী গতকাল দুপুরে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। তাঁরা হলেন খানসামা উপজেলার দেলোয়ার হোসেন (৪২), বেলাল আহমেদ (৩৮), জহুরুল হোসেন (৪৫), আসাদুজ্জামান (৩২), রফিকুল ইসলাম (৩৬), মনজুরুল হক (৪৫), নুরুল হুদা (৪০) ও মো. কলিম উদ্দীন (৪৮); চিরিরবন্দর উপজেলার মোবারক হোসেন (৪৪), সাহেব আলী (৫০), আশরাফ হোসেন (৫২), সাইফুল ইসলাম (২৪) ও রবিউল আলম (২৫)।

আসামিরা আত্মসমর্পণ করে আদালতে জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক তা নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। বিকেলে তাঁদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।