বিএনপি-জামায়াতের তিন নেতাসহ আটক ৪
বগুড়ার আদমদীঘি উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর তিন নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে তাঁদের আটক করার পর বগুড়া নিয়ে যাওয়া হয়েছে।
আটক হওয়া চারজন হলেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফি আহম্মেদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মেহেদি হাসান, উপজেলা জামায়াতের নায়েবে আমির ইউনুছ আলী ও আদমদীঘি সদর ইউপির সাবেক সদস্য তৌফিকুর রহমান।
এ ব্যাপারে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই অভিযানের কারণ সম্পর্কে কিছু জানেন না বলে জানান। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে এই আটক অভিযান চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।
চারজনকে আটক করার তথ্যের সত্যতা নিশ্চিত করে বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুজ্জামান ফারুকি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের আটক করা হয়েছে।