বিএনপি-জামায়াতের নেতা-কর্মীসহ পাঁচ জেলায় আটক ১৪৪
দেশব্যাপী জামায়াতে ইসলামীর ডাকা গতকাল বুধবারের হরতালকে উপলক্ষ করে পাঁচ জেলা থেকে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীসহ ১৪৪ জনকে আটক বা গ্রেপ্তার করেছে পুলিশ। হরতালে নাশকতা চালানোর আশঙ্কা, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ
ও বিভিন্ন মামলায় গত মঙ্গলবার থেকে গতকাল বুধবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাঁদের আটক বা গ্রেপ্তার করা হয়। সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয় সাতক্ষীরায় ৮৪ জনকে।
আপিল বিভাগ একাত্তরে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা ও সহযোগিতার দায়ে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখায় দলটি এ হরতাল ডাকে।
নাশকতার আশঙ্কায় সাতক্ষীরায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পুলিশ বিএনপি-জামায়াতের ৩০ কর্মীসহ ৮৪ জনকে গ্রেপ্তার করেছে। এঁদের মধ্যে ২৮ জন জামায়াতের ও দুজন বিএনপির কর্মী। জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক কামাল হোসেন খান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহী নগরে মঙ্গলবার বিকেল থেকে গতকাল সকাল পর্যন্ত বিএনপি ও জামায়াত-শিবিরের ২৪ নেতা-কর্মী-সমর্থককে আটক করা হয়। পুলিশের দাবি, তাঁদের অধিকাংশ নাশকতার মামলার আসামি। দীর্ঘদিন ধরে তাঁরা আত্মগোপনে ছিলেন। এ ছাড়াও বিভিন্ন মামলায় আরও ২৯ জনকে আটক করা হয়েছে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান জানান, আটক ব্যক্তিদের মধ্যে ১১ জনকে বোয়ালিয়ার সাগরপাড়া এলাকায় হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতির সময় আটক করা হয়। তাঁদের মধ্যে থানা জামায়াতের আমির সিরাজুল ইসলাম ও ২৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মনিরুল ইসলামও রয়েছেন।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে বিএনপি-জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, নাশকতার আশঙ্কায় উপজেলা জামায়াতের আমির আবুল খায়ের মোহাম্মদ বরকত উল্লাহ এবং পুলিশের ওপর হামলার অভিযোগ ও মাদকদ্রব্য আইনে করা মামলায় ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. ফিরোজ আহমেদকে গ্রেপ্তার করা হয়। গতকাল আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।
বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় মঙ্গলবার রাতে ইদ্রিস আলী (৪০) নামের এক জামায়াত কর্মীকে গ্রেপ্তার করা হয়। উপজেলার মহিপুর বাজার থেকে গ্রেপ্তার হওয়া ইদ্রিস উপজেলার মহিপুর দাখিল মাদ্রাসার দপ্তরি।
গোপালগঞ্জের কোটালীপাড়ার টিহাটি গ্রাম থেকে আবুল বাসার (৫০) নামের এক জামায়াত কর্মীকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া, একই রাতে টুঙ্গিপাড়ায় যুবদল ও ছাত্রদলের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন পাটগাতী ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল শেখ (২৬), যুবদলের কর্মী রবিউল শেখ (২৮) ও ছাত্রদলের কর্মী সোহাগ সরদার (২৩)। পুলিশ জানায়, হরতালে নাশকতার আশঙ্কায় তাঁদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: রাজশাহী ও ফরিদপুর অফিস এবং নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা; শেরপুর (বগুড়া) ও নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি}