বিএনপি নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে কক্সবাজার গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের একটি আবাসিক হোটেল থেকে বিএনপি নেতা রাশেদুল করিমকে (৪০) গ্রেপ্তার করেছে। টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাসিন্দা রাশেদুল করিম টেকনাফ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ও উপজেলা যুবদলের সভাপতি।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মনজুরুল আলম বলেন, রাশেদুল করিম দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইয়াবা তালিকায় গডফাদার হিসেবে তাঁর নাম রয়েছে। তা ছাড়া রাশেদুল করিম ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার শহরের রুমালিয়ারছড়ায় জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে বের করা বিক্ষোভ মিছিল থেকে গুলি করে তিন ব্যক্তিকে হত্যা ও পুলিশের ওপর হামলার মামলার অন্যতম আসামি। রাতে তাঁকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, রাশেদুল করিম ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত নন।