বিএনপি নেতাকে হাতুড়িপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির এক নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর অভিযোগ, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর একদল সমর্থক তাঁকে গত মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় ব্রাহ্মণদিয়া বাজার থেকে তুলে নিয়ে হাতুড়িপেটা করেন।
বিএনপির ওই নেতার নাম আবুল হোসেন হাওলাদার। তিনি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন আবুল হোসেন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরনগর ইউপির চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী কামরুল আহসান খানের পক্ষে নির্বাচনী কাজ করার অভিযোগ তুলে আওয়ামী লীগের ‘সন্ত্রাসী’ কালাম মিয়ার নেতৃত্বে সজীব ঢালী, শাহাদাৎ, রায়হান, তসলিমসহ ছয়-সাতজনের একটি দল তাঁর ওপর ওই পরিকল্পিত হামলা চালায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিহাব উদ্দিন বলেন, আবুল হোসেনের মাথার পাশে ও কোমরের কিছু অংশ হাতুড়ির আঘাতে থেঁতলে গেছে। তিনি শঙ্কামুক্ত কি না, তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।
কামরুল আহসান বলেন, মূলত বিএনপির পক্ষে যেন কাজ না করতে পারে, ‘এই উদ্দেশ্যেই আবুল হোসেনকে এমন নির্মমভাবে পিটিয়ে আহত করা হয়েছে। আমিও এখন পর্যন্ত তাঁদের ভয়ে নির্বাচনী কোনো কাজে নামতে পারছি না।’
এ বিষয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. তারিকুল ইসলাম বলেন, ‘মূলত আবুল হোসেন অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছিল। আমার কর্মী শাহাদাত এর প্রতিবাদ জানায়। এ নিয়ে দুই পক্ষে মারামারি হয়। তাতে আবুল যেমন মার খায়, তেমনি শাহাদতের হাত ভেঙে গেছে। এটাকে রাজনৈতিকভাবে রং দেওয়ার চেষ্টা চলছে।’