বিএনপি নেতার গাছ কেটে নিলেন আ.লীগের সমর্থক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলায় বিএনপির স্থানীয় এক নেতার সাতটি গাছ একই গ্রামের আওয়ামী লীগের সমর্থক মহসিন সরদার ও তাঁর সহযোগীরা কেটে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই নেতার অভিযোগ, পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ দেওয়া সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। গত বৃহস্পতি ও গতকাল শুক্রবার উপজেলার তিখাসার গ্রামে এ ঘটনা ঘটে।
সরেজমিনে প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই গ্রামের ৮ শতক জমি নিয়ে নলচিড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তিখাসার গ্রামের আবু বকর হাওলাদারের সঙ্গে একই গ্রামের আওয়ামী লীগের সমর্থক মহসিন সরদার (৪০) ও তাঁর ভাই মোহন সরদারের (৩০) দীর্ঘদিন থেকে বিরোধ রয়েছে। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। স্থানীয় কয়েকজন জানান, গত বৃহস্পতি ও গতকাল শুক্রবার সকালে মোহন সরদারের নেতৃত্বে ১৫-২০ জন সাতটি রেইনট্রিগাছ কেটে নেন।
আবু বকর হাওলাদার অভিযোগ করেন, আওয়ামী লীগের সমর্থক মোহন সরদার তাঁর সহযোগী কামাল সরদার (৪৫) ও জুয়েল হাওলাদারের (২৮) নেতৃত্বে গত বৃহস্পতিবার সকাল নয়টার দিকে তাদের ভাড়াটে ১২-১৫ জন সন্ত্রাসী নিয়ে তার জমি থেকে দুই লাখ টাকা মূল্যের সাতটি গাছ কেটে নিয়ে যায়। খবর পেয়ে তিনি গৌরনদী থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু কর্তব্যরত কর্মকর্তা ও গৌরনদী থানার উপপরিদর্শক (এসআই) মো. তাহীদ তাঁকে বিকেল পাঁচটা পর্যন্ত থানায় বসিয়ে রাখেন অথচ কোনো ব্যবস্থা নেননি। এ সুযোগে সন্ত্রাসীরা বৃহস্পতিবার দুটি গাছ কেটে নিয়ে যায়। একই লোকজন গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে এসে আরও পাঁচটি রেইনট্রিগাছ কেটে নিয়ে যায়। গতকাল শুক্রবার বিষয়টি গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবিরকে অবহিত করা হয়।
তিখাসার গ্রামটি বর্তমানে গৌরনদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্কাস আলী সরদার মহসিন ও মোহনকে আওয়ামী লীগের সমর্থক বলে নিশ্চিত করেছেন।
তবে এসআই মো. তাহীদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ডিউটি অফিসারের দায়িত্বে ছিলাম, যে কারণে বৃহস্পতিবার ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি।
আওয়ামী লীগের সমর্থক মহসিন সরদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর বাবা মো. জয়নাল সরদার দাবি করেন, ‘নিজের জমিতে আমার নিজের লাগানো গাছ কেটে নিয়েছি। কারও গাছ লুট করিনি।’ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, গতকাল ঘটনাস্থল থেকে গাছ জব্দ করা হয়েছে। দুই পক্ষের কাগজপত্র যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।