বিএনপি নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
নেত্রকোনা শহরের অজহর রোড এলাকায় কামাল আহম্মেদ (৬১) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে নিহত ওই ব্যক্তির নিজ বাসার শোবার ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বলেন, নিহত কামাল আহম্মেদ নেত্রকোনা পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, কামাল আহম্মেদের স্ত্রী এক ছেলেকে নিয়ে ঢাকায় থাকেন। আর তিনি নেত্রকোনায় নিজ বাসায় থাকেন। গতকাল বুধবার রাতের খাবারের পর তিনি নিজের শোবার ঘরে ঘুমাতে যান। আজ বেলা ১১টার দিকে তাঁর বড় ভাইয়ের স্ত্রী ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় আশপাশের লোকজনকে ডেকে আনেন। পরে কাঠমিস্ত্রি গিয়ে দরজা ভাঙলে সিলিং ফ্যানের হুকের সঙ্গে তাঁর ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।
নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমীন প্রথম আলোকে বলেন, বিএনপির ওই নেতার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তিনি সর্বশেষ গতকাল রাত ১২টা পর্যন্ত মোবাইল ফোনে কথা বলেছিলেন।