বিএনপি নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য রফিকুল ইসলামের পা ভেঙে শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের স্থানীয় এক নেতার বিরুদ্ধে। গতকাল শনিবার রফিকুলের ভাই সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
ওই নেতা হলেন প্রতাপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপির চেয়ারম্যান জাকির হোসেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান রফিকুলের ভাই মো. শহীদুল্লাহ।
শহীদুল্লাহ বলেন, রফিকুল ১৫-১৬ বছর ধরে প্রতাপনগরের শ্রীপুর এলাকায় ২৭ একর জমিতে চিংড়ি চাষ করে আসছেন। ওই চিংড়িঘেরের ওপর দৃষ্টি পড়ে জাকির হোসেনের। এ জন্য জাকিরের পক্ষের কয়েকজন রফিকুলের কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। গত ২ জানুয়ারি জাকিরের পক্ষের লোকজন রফিকুলের কাছ থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা আদায় করেন। এ ঘটনায় রফিকুল গত ৫ জানুয়ারি আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে উপপরিদর্শক পীযূস দাসকে তদন্তভার দেন। তদন্ত কর্মকর্তা ৩০ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেন।
শহীদুল্লাহ আরও বলেন, অভিযোগপত্র দাখিলের পর থেকে বাইরে তেমন একটা বের হচ্ছিলেন না রফিকুল। গত বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রফিকুল। বেলা আড়াইটার দিকে লস্কারী খাজরা মন্দিরের সামনে জাকির হোসেনের নেতৃত্বে ১২-১৩ জন মোটরসাইকেল থামান। এরপর রফিকুলকে মোটরসাইকেল থেকে নামিয়ে রড, চায়নিজ কুড়াল ও লাঠি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে স্বজনেরা রফিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন রফিকুল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি ২০১৫ সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগে যোগ দেন। চেয়ারম্যানের নেতৃত্বে তাঁর ওপর হামলা করা হয়েছে—এ কথা বলেই তিনি চুপ হয়ে যান। পরে তাঁর এক বন্ধু মুঠোফোনে জানান, রফিকুল অসুস্থ হয়ে পড়েছেন।
জাকির হোসেন বলেন, রফিকুল সহিংসতা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। তিনি ১৪ জন ভূমিহীনের ইজারা নেওয়া জমি দখল করে রেখেছেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই সব ভূমিহীন তাঁর ওপর হামলা করেছেন বলে তিনি শুনেছেন। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।
ওসি শাহীনুল ইসলাম শাহীন বলেন, জমি জবরদখল করে রাখায় রফিকুলের বিরুদ্ধে স্থানীয় ভূমিহীনদের ক্ষোভ আছে। এরই জের ধরে হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো রফিকুলের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।