বিএনপি নেতার বাড়িতে আ.লীগের হামলা-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশনে বিএনপি নেতা নাজিম উদ্দিন আলমের বাসভবনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হামলা-ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার ওই হামলার ঘটনার ঘটে।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলম বর্তমান সরকারের পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলামকে ‘কটাক্ষ করে’ বক্তব্য দেওয়ার প্রতিবাদে আওয়ামী লীগ বুধবার চরফ্যাশনে প্রতিবাদ ও বিক্ষোভ করে।
পাঁচ-ছয়জন প্রত্যক্ষদর্শী জানান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের একদল নেতা-কর্মী নাজিম উদ্দিন আলমবিরোধী স্লোগান দিয়ে তাঁর বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। এরপর বাসার ভেতরে ঢুকে আসবাব ভাঙচুর করেন। এ সময় ওই বাসায় বৈঠকে আসা কর্মীদের ১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এর চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ এসে আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর মালতিয়া ও নাজিম উদ্দিন আলমের ব্যক্তিগত সহকারী সুশান্ত বিপ্লব বলেন, নাজিম উদ্দিন আলম বুধবার সকালে তিন দিনের সাংগঠনিক সফর ও দলীয় ইফতার পার্টি করার জন্য চরফ্যাশনে আসেন। দিনে কর্মীদের সঙ্গে কয়েকটি ইউনিয়নে সভা করে রাতে তাঁর বাসভবনে বসে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করছিলেন। রাত পৌনে নয়টার দিকে সরকারদলীয় নেতা-কর্মীরা হামলা করে বাসার দরজা-জানালার কাচ, আসবাব, মোটরসাইকেল ভাঙচুর করে। অগ্নিসংযোগ করা হয় মোটরসাইকেলে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরও বলেন, পরিস্থিতি অনুকূলে না থাকায় সাবেক সাংসদ গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা চলে গেছেন।
উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আহমেদ ফরাজী বলেন, নাজিম উদ্দিন আলম ইফতার পার্টি ও নতুন কমিটি করতে চাইলে দলীয় অনেক নেতা-কর্মী তাঁর মতের বিরোধিতা করেন। এ নিয়ে তাঁদের বিরোধ ও সংঘাত হয়। ওই দায় এখন আওয়ামী লীগের ওপর চাপানো হচ্ছে। তিনি আরও বলেন, ‘নাজিম উদ্দিন আলম উপমন্ত্রীকে নিয়ে কটুকথা বলেছেন। আমরা তার প্রতিবাদসভা করেছি।’
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি।