বিএনপি নেতার বাড়িতে ডাকাতি
গোপালগঞ্জ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুজ্জামান ওরফে পিনুর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা বাড়ির লোকদের জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট করে। গতকাল সোমবার ভোর রাত চারটার দিকে শহরের মোহাম্মদপাড়া মহল্লায় অবস্থিত ওই নেতার বাড়িতে এ ঘটনা ঘটে।
মনিরুজ্জামান বলেন, বাড়ির রান্নাঘরের জানালার গ্রিল কেটে মুখোশ পরা দেশীয় অস্ত্রধারী ৮ থেকে ১০ জনের একদল ডাকাত ঘরে ঢুকে পড়ে। এরপর তারা ঘরে ঘুমিয়ে থাকা বাড়ির গৃহকর্মীকে জিম্মি করে তাঁকে দিয়ে ওই বিএনপি নেতাকে ডেকে তোলে। গৃহকর্মীর ডাকে তিনি নিজ কক্ষের দরজা খুলতেই ডাকতরা তাঁকে ও তাঁর স্ত্রী মাহমুদা জামানকে হাত, পা ও মুখ বেঁধে ফেলে। পরে ডাকতরা আলমারির তালা ভেঙে ১ লাখ ১০ হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে।
বিএনপি নেতার শ্যালক বদরুল আলম বলেন, এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে মসজিদের মাইকে ডাকাতির কথা প্রচার করলে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আহম্মেদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অভিযোগ করা হলেই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।