বিএনপি নেতার বাড়িতে সভা, ছাত্রলীগের হামলা
বরিশালের গৌরনদী উপজেলায় বিএনপির এক নেতার বাড়িতে গতকাল শনিবার সভা চলাকালে যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির আটজন কর্মী-সমর্থককে আটক করে। তাঁরা হলেন আমিনুল ইসলাম, লাল মিয়া, মালেক সরদার, জাকির গাজী, শাহাব উদ্দিন সিকদার, হাসান সরদার, শামীম সিকদার ও নুরুল ইসলাম তালুকদার।
উপজেলার মাহিলাড়া ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতা-কর্মী বলেন, ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে টরকী এলাকায় উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেনের বাড়িতে সভা ডাকা হয়। এতে ইউনিয়ন বিএনপির ৭০-৮০ জন নেতা-কর্মী ও সমর্থক যোগ দেন। সভা চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের ৩০-৩৫ জন লাঠিসোঁটা হাতে সেখানে হাজির হন। তাঁরা বিএনপির নেতা-কর্মীদের গালিগালাজ করেন। দরজা-জানালা ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টি করেন।
আবুল হোসেন বলেন, তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিয়ে ৩ নভেম্বর দেশে ফিরে আসেন। এ উপলক্ষে গতকাল সকালে তাঁর বাসভবনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন হাওলাদারের নেতৃত্বে এ হামলা চালানো হয়। তাঁর বাসভবনের দোতলা ও তিনতলার কয়েকটি জানালা ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া মাহিলাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. বুলবুল চোকদা, মো. শামীম শিকদার, উপজেলা যুবদলের নেতা ফুয়াদ হোসেন, ছাত্রদলের কর্মী মো. হাসান ও যুবদলের কর্মী কায়েস হোসেন আহত হন।
তবে অভিযোগ অস্বীকার করে আল আমিন হাওলাদার বলেন, ‘সভা চলাকালে পদ-পদবি নিয়ে বিরোধের জেরে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সবাইকে ওই স্থান ত্যাগ করতে বলেছি। সেখানে হামলার কোনো ঘটনা ঘটেনি।’
বিকেল সোয়া চারটার দিকে জানতে চাইলে গৌরনদী মডেল থানার ওসি মো. আলাউদ্দিন মিলন বলেন, নাশকতার পরিকল্পনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির আটজন কর্মী-সমর্থককে আটক করা হয়েছে।