বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলায় আবুল হাসেম নামে বিএনপির এক নেতার বিরুদ্ধে জাল কাগজপত্র দিয়ে জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। আবুল হাসেম উপজেলার নলচিড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।
এলাকার কয়েকজন বাসিন্দা, ব্যবসায়ী ও ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার নলচিড়া ইউনিয়নের জেএল ১৮৭ নলচিড়া মৌজার এসএ ২৪২ খতিয়ানের ৭৩৮ নম্বর দাগের ১৫ শতাংশ ও জেএল ৮৯ নলচিড়া মৌজার এসএ ৮৩ নম্বর খতিয়ানের ৮৮৩ নম্বর দাগের দেড় শতাংশ জমির আরএস ও এসএ রেকর্ডীয় মালিক নলচিড়া গ্রামের যোগেন্দ্র নারায়ণ ও তাঁর ভাই দেবেন্দ্র নারায়ণ। পরে যোগেন্দ্র ও দেবেন্দ্র এলাকার মানুষের সুবিধার্থে তাঁদের ওই জমিতে নলচিড়া বাজার প্রতিষ্ঠিত করেন। কিন্তু সম্প্রতি আবুল হাসেম লোকজন নিয়ে ওই জায়গা থেকে ২ শতাংশ জমি দখল করেন। এতে সাধারণ ব্যবসায়ীরা বাধা দেন। এ সময় আবুল হাসেম তাঁদের ওপর হামলা করেন। এ ছাড়া আবুল হাসেম বাজারের ব্যবসায়ীদের বিরুদ্ধে বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেন।
নলচিড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শেরশাহ ফকির ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বলেন, চলতি মাঠ জরিপে আবুল হাসেম জাল কাগজপত্র করে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ওই ২ শতাংশ জমি তাঁর নামে রেকর্ড করেন।
সরেজমিনে দেখা যায়, নলচিড়া বাজারের মধ্যে দুধ ও চাল বিক্রির ঘরটি ২ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত। এই জায়গা আবুল হাসেম দখলে নিয়েছেন।
আবুল হাসেম জমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ক্রয়সূত্রে ওই জমির মালিক।’ তবে এই প্রতিবদেক দলিল দেখতে চাইলে তা তিনি দেখাতে পারেননি।
নলচিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা বলেন, ওই জমি বাজারের। বর্তমানে একটি চক্র সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন।
উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার মো. মিজানুর রহমান বলেন, আবুল হাসেমের দখল করা ওই জমির মালিক যোগেন্দ্র ও দেবেন্দ্র।
এ প্রসঙ্গে গৌরনদীর সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আফরোজ বলেন, ওই জমির মালিকানা দাবিদার আবুল হাসেমের কোনো কাগজপত্র নেই। জমির প্রকৃত মালিক যোগেন্দ্র ও দেবেন্দ্র।