বিএনপি নেতাসহ দুজন খুন, এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সদর উপজেলায় নিজাম উদ্দিন পাইকার (৫৬) নামের বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার বাঘোপাড়া ঈদগাহের পাশ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এদিকে নাটোরের লালপুরে এক অটোরিকশাচালক খুন হয়েছেন। নওগাঁর মহাদেবপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:

বগুড়া: পুলিশ ও দুজন প্রত্যক্ষদর্শী বলেন, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির দিকে রওনা দেন নিজাম উদ্দিন। রাতে তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজ করলেও তাঁর সন্ধান পাননি। শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ির অদূরে বাঘোপাড়া ঈদগাহের পাশে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তাঁর লাশ দেখতে পান স্থানীয় লোকজন। তাঁর গলা ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পরে এলাকাবাসী পুলিশে খবর দেন। 

নিহত নিজাম উদ্দিন পাইকার গোকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি। তাঁর বাড়ি বাঘোপাড়া উত্তরপাড়ায়। বাঘোপাড়া বাজারে তাঁর প্লাস্টিকসামগ্রী, কফিশপ-কনফেকশনারিসহ একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। 

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আছলাম আলী গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। দোষী লোকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা করেছেন।

নাটোর: নাটোরের লালপুর উপজেলার নান্দরায়পুর গ্রামে বাড়ির পাশের আখখেত থেকে শুক্রবার লোকমান হোসেন (৩৫) নামের এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ একই গ্রামের বাবু উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

নিহত লোকমানের ছেলে ওমর ফারুক জানান, অটোরিকশায় চার্জ দেওয়ার জন্য তাঁর বাবা বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হন। রাতে তিনি বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করলেও তাঁর সন্ধান মেলেনি। শুক্রবার দুপুরে মাঠের শ্রমিকেরা তাঁর লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

লালপুর থানার ওসি আবদুল হাই তালুকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রথমে অন্য কোনো স্থানে বিদ্যুৎস্পৃষ্ট করে তাঁকে হত্যা করা হয়। পরে আখখেতে লাশটি ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তাঁর ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে।

নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলার পাটাচারি গ্রামের এক মাঠ থেকে শুক্রবার মনু মিয়া (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনু মিয়া পাটাচারি গ্রামের মফিজের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে মনু মিয়া বাড়ি থেকে বের হন। রাতে তিনি বাড়ি ফেরেননি। পরদিন সকালে গ্রামের উত্তর দিকের একটি মাঠে তাঁর লাশ দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন।