বিএনপি নেতাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা, আটক ৩
গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকায় জোড়া খুনের ঘটনায় বিএনপি নেতাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার রাতে টঙ্গী মডেল থানায় মামলাটি করেন নিহত শরীফ হোসেনের মা ইয়ানুর বেগম। মামলায় বিএনপি নেতা কামরুল ইসলামকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
গতকাল বিকেলে টঙ্গী থেকে সন্দেহভাজন মো. অপু, মো. সোহেল ও আরিফ হোসেন নামে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদারের ভাষ্য, মামলার এজাহারে বাদী অভিযোগ করেছেন, এরশাদনগর এলাকায় তাঁর পরিচিত ১২ জন পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে ছেলে শরীফ হোসেন (৩৫) ও সহযোগী জুম্মান মিয়াকে (৩২) কুপিয়ে হত্যা করেছে।
মামলার তদনন্ত কর্মকর্তা ও টঙ্গী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামের ভাষ্য, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি নেতা কামরুল ইসলামের দলের সঙ্গে শরীফের দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বকে কেন্দ্র করে জোড়া খুনের ঘটনা ঘটে বলে তাঁরা ধারণা করছেন।
গতকাল রোববার সকালে শরীফ হোসেন ও একই এলাকার জুম্মান মিয়াকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শরীফের মামা ৪৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল জলিলের ভাষ্য, ভাগনে শরীফ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের টঙ্গীর ৪৯ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি। তাঁর বাড়িতে তিনটি সিসি ক্যামেরা রয়েছে। কারা তাঁকে ডেকে নিয়েছে, ওই সিসি ক্যামেরার ছবি দেখলেই বলা যাবে। শরীফের হত্যাকারীদের চিনে ফেলায় জুম্মানকেও হত্যা করা হয়।
আরও পড়ুন...
টঙ্গীতে সহযোগীসহ আ. লীগ নেতা খুন