বিএনপি প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীর আরামনগরে আজ সোমবার দুপুর ১২টার দিকে বিএনপি প্রার্থী ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এলাকায় টাকা বিতরণে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুজন গুলিবিদ্ধ হন। আহত হন ২০ জন। আহত ব্যক্তিদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পৌরসভার আরামনগর বাজার এলাকায় আজ বিএনপির বিদ্রোহী মেয়র পদপ্রার্থী রুহুল আমিন বাসা থেকে নারী ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিলেন। খবর পেয়ে বিএনপির মেয়র পদপ্রার্থী ফয়জুল কবির তালুকদারের সমর্থকেরা টাকা বিতরণে বাধা দেন। পরে দুই মেয়র পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে গুলি ছোড়ার হয়। গুলিতে পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (২৫) ও বিএনপির কর্মী গাজীউর রহমান (৩৫) গুলিবিদ্ধ হন। এ সময় সংঘর্ষে ইটপাটকেল ও লাঠির আঘাতে উভয় পক্ষের ২০ জন সমর্থক আহত হয়েছেন।
গুলিবিদ্ধ শফিকুল ইসলাম অভিযোগ করেন, মেয়র পদপ্রার্থী রুহুল আমিন তাঁকে গুলি করেছেন।
মেয়র পদপ্রার্থী ফয়জুল কবির তালুকদারের অভিযোগ, ‘মেয়র প্রার্থী রুহুল আমিন ভোটারদের মধ্যে টাকা বিতরণের সময় সমর্থকেরা বাধা দিলে গুলি ছুঁড়ে ৮ জনকে আহত করা হয়েছে।’
অভিযোগ অস্বীকার করে বিদ্রোহী মেয়র পদপ্রার্থী রুহুল আমিন বলেন, ‘আমার ভাই গাড়ি চড়ে যাওয়ার সময় ফয়জুল কবির তালুকদারের সমর্থকেরা হামলা চালিয়েছে। পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।’
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল উদ্দিন জানান, ‘গুলির কোনো ঘটনা ঘটেনি। দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।’