চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত তিন প্রার্থীর যৌথ পথসভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিএনপির প্রার্থীরা হামলার জন্য স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের দায়ী করেছেন। গতকাল সোমবার বিকেলে উপজেলার জুলধা পাইপের গোড়া বাজার ও ফকিরনির হাট এলাকায় পৃথকভাবে এ হামলার ঘটনা ঘটে। হামলায় বিএনপির ১২ নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতারা।
বিএনপি দলীয় সূত্র জানায়, গতকাল বিকেলে জুলধা ইউনিয়নের পাইপের গোড়া এলাকায় বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও পথসভার কর্মসূচি ছিল। পথসভায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর উপস্থিত থাকার কথা ছিল। যৌথ পথসভায় যাওয়ার জন্য বিএনপির নেতা-কর্মীরা ফকিরনির হাট এলাকায় জড়ো হন। সেখান থেকে পাইপের গোড়া এলাকায় যাওয়ার পথে ৩০ থেকে ৩৫ জন হামলা করেন। পরে পাইপের গোড়া এলাকাতে পথসভা চলার সময়েও হামলা হয়।
বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী এস এম ফোরকান অভিযোগ করে বলেন, হামলাকারীদের হাতে লাঠিসোঁটা ও রামদা ছিল। হামলা করে তাঁরা হ্যান্ডমাইক, চেয়ার ও প্রচারকাজের জন্য ব্যবহৃত সিএনজি অটোরিকশা ভাঙচুর করেন। হামলাকারীরা যুবলীগ ও ছাত্রলীগের কর্মী।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মামুন মিয়া দাবি করেন, হামলায় তিনিসহ অন্তত সাতজন আহত হয়েছেন। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে কর্ণফুলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম হক বলেন, হামলার অভিযোগ মিথ্যা। তবে পাইপের গোড়া এলাকায় যুবলীগ-ছাত্রলীগের কয়েকজন কর্মীর সঙ্গে বিএনপি সমর্থকদের সামান্য কথা-কাটাকাটি হয়েছিল।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামও বলেন, হামলার অভিযোগ সত্য নয়।