বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধার অভিযোগ
ইউনিয়ন পরিষদ নির্বাচনের (ইউপি) প্রথম ধাপেই বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে সরকারদলীয় প্রার্থীর কর্মী-সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ঝালকাঠি ও সাতক্ষীরা থেকে এমন একাধিক অভিযোগ এসেছে নির্বাচন কমিশনে।
বিএনপির প্রার্থীরা অভিযোগ করেছেন, প্রশাসনের সামনেই ঝালকাঠীর নলছিটি ও সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বেশ কয়েকটি ইউপিতে বিএনপি মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র ছিনতাই হয়ে গেছে। কমিশনের সহায়তা নিয়েও মনোনয়ন জমা দিতে পারেননি নলছিটির এক প্রার্থী।
এসব অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ মার্চ দেশের ৭৩৯টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে। আজ সোমবার এসব ইউপিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।
আজ সাতক্ষীরায় বিএনপি মনোনীত চারজন ও ওয়ার্কার্স পার্টি মনোনীত একজন প্রার্থীর পক্ষে কমিশনে অভিযোগ জমা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহানারা পারভীন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও সচিবের বরাবরে দেওয়া এই অভিযোগে বলা হয়, স্থানীয় প্রশাসনের সহায়তায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জোর করে মনোনয়নপত্র ছিনতাই করে নেয়। এর মধ্যে যোগীখালী ইউপির বর্তমান চেয়ারম্যান রবিউল ইসলাম, সোনাবাড়িয়ার চেয়ারম্যান শহিদুল ইসলাম, দেয়াড়ার চেয়ারম্যান ইব্রাহীম হোসেন, কয়লার চেয়ারম্যান ও ওয়ার্কার্স পার্টির নেতা আবদুর রকিব মোল্লা ও কেরালকাতার ইউপির জহিরুল ইসলামের মনোনয়নপত্র রয়েছে।
অভিযোগ পাওয়ার পর কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম ওই পাঁচ প্রার্থী যাতে মনোনয়নপত্র জমা দিতে পারেন তার ব্যবস্থা নেওয়ার জন্য সাতক্ষীরার কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। তবে কমিশনে উপস্থিত অভিযোগকারীদের প্রতিনিধিরা জানান, সচিবের নির্দেশ আমলে নেওয়া হয়নি। তাঁরা অভিযোগ করেন, সোনাবাড়িয়া ইউপির চেয়ারম্যান শহীদুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে মনোনয়নপত্র কেড়ে নেওয়া হয়েছে। মারধরের শিকার হয়েছেন কয়লা ইউপি ওয়ার্কার্স পার্টির সভাপতি আবদুর রউফ।
দেয়াড়া ইউপির চেয়ারম্যান ইব্রাহিম হোসেন অভিযোগ করেন, গত শনিবার তার স্ত্রী নাজমা পারভীনের মনোনয়নপত্র কেড়ে নেওয়া হয়। গতকাল রোববার তার মনোনয়নপত্রও কেড়ে নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার ফরাজী বেনজির আহমেদ বলেন, সবাই শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে বাইরে কী ঘটেছে তা তিনি জানেন না।
ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউপির বর্তমান চেয়ারম্যান আবদুস সালাম অভিযোগ করেন, আজ সকালে মনোনয়নপত্র জমা দিতে গেলে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া করে। সালাম টেলিফোনে বিষয়টি কমিশনকে জানান। কমিশন এই প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার জন্য নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদকে নির্দেশ দেয়। পরে আবদুস সালামের পক্ষে পারুল বেগম ও দীপা আক্তার ওসির সঙ্গে মনোনয়নপত্র জমা দিতে যান। সেখানে ওসির সামনেই যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা তাদের কাছ থেকে মনোনয়নপত্র ছিনিয়ে নেয় এবং তাদের উপজেলা পরিষদের একটি কক্ষে আটকে রাখে। পরে কমিশনের নির্দেশে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপে দুই নারী মুক্ত হন।
এ বিষয়ে নলছিটি থানার ওসি মাকসুদ আহমেদ প্রথম আলোকে বলেন, তাঁর সামনেই চেয়ারম্যান প্রার্থী আবদুস সালামের দুই সমর্থক মনোনয়নপত্রের ফটোকপি জমা দিয়েছেন। তাঁরা ঢুকতে পারছেন না-এই অভিযোগ পাওয়ার পরে তিনি তাদের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে দিয়েছেন। তবে ওই দুজনকে আটকে রাখার অভিযোগ তিনি অস্বীকার করেন।