বিএনপি প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের বরজালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর এক পোলিং এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া চালিতাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি ও দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কোনো এজেন্ট পাওয়া যায়নি।

বরজালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর পোলিং এজেন্ট আবুল বাশার অভিযোগ করেন, সকাল পৌনে আটটার দিকে তিনি বুথে ঢোকেন। ভোট শুরুর আগে তাঁর কাগজপত্র নিয়ে আওয়ামী লীগের লোকজন মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তরুণ কুমার সিকদার বলেন, এজেন্টকে বের করে দেওয়ার কোনো অভিযোগ তিনি পাননি।

চালিতাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির প্রার্থী কামরুজ্জামান সিকদার ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রওশন আরা হাবিবের কোনো এজেন্ট পাওয়া যায়নি। ওই কেন্দ্রের বিএনপির চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট বিউটি বেগম অভিযোগ করেন, ‘আমার বাড়িতে গিয়ে আওয়ামী লীগের লোকজন হুমকি দেওয়ায় আমি এজেন্ট থাকতে পারিনি।’

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রওশন আরা হাবিব (চশমা) অভিযোগ করেন, ‘দুটি কেন্দ্র ছাড়া কোনো কেন্দ্রেই আমার কোনো এজেন্ট দিতে পারিনি। এর আগে এজেন্টদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়ায় তাঁরা আসেননি।’

চালিতাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা সন্তোষ কুমার মজুমদার জানান, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কোনো এজেন্ট কেন্দ্রে আসেননি। এজেন্টরা যখনই আসবেন, তখনই তাঁদের গ্রহণ করা হবে। ওই কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট চলছে বলে তিনি দাবি করেন।