বিএনপি প্রার্থীর ওপর হামলা, তিনটি কেন্দ্র দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৌরসভা নির্বাচনে পন্থিছিলা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের সময় বিএনপির মেয়র পদপ্রার্থী সৈয়দ আবুল মনসুরের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এ ছাড়া সকাল থেকেই পৌরসভার নুনাছড়া কেন্দ্র, পন্থিছিলা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও সীতাকুণ্ড মহিলা কলেজ কেন্দ্র দখলেরও অভিযোগ পাওয়া গেছে।
সৈয়দ আবুল মনসুর অভিযোগ করেন, সীতাকুণ্ডে সকাল থেকে নুনাছড়া কেন্দ্র, পন্থিছিলা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও সীতাকুণ্ড মহিলা কলেজ কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর সন্ত্রাসীরা দখল করে ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় ভোট দিতে ভোটারদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হকিস্টিক দিয়ে তাঁকে ব্যাপক মারধর করেন এবং তাঁর ব্যক্তিগত গাড়িতে হামলা চালান। এতে তিনি আহত হন। বিষয়টি তিনি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেন। পরে তিনি সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি হন।
সীতাকুণ্ড স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক জাহেদ সরওয়ার্দি বলেন, সকাল নয়টার দিকে বিএনপির মেয়র পদপ্রার্থী সৈয়দ আবুল মনসুর চিকিৎসার জন্য আসেন। মারের কারণে তাঁর শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে।
জামায়াত সমর্থিত (স্বতন্ত্র) প্রার্থী তাওহিদুল হক চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সকালেই নুনাছড়া কেন্দ্র, পন্থিছিলা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও সীতাকুণ্ড মহিলা কলেজ কেন্দ্র থেকে তাঁদের এজেন্টদের বের করে দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর নেতা-কর্মীরা। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর নেতা-কর্মীরা তাঁকে জানিয়েছেন, এই তিনটি কেন্দ্রেই ভোট শেষ হয়ে গেছে। তাই তাঁদের আর এখানে থাকার দরকার নেই।
১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ফজিলাতুন্নেছা হোসনা অভিযোগ করেন, সকাল ১০টার দিকে তাঁর তিনটি কেন্দ্র থেকেই এজেন্টদের বের করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।
রিটার্নিং কর্মকর্তা ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, ওই তিনটি কেন্দ্রের বিচ্ছিন্ন ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।