বিএনপি প্রার্থীর ক্যাম্প ও সমর্থকদের বাড়ি ভাঙচুর
জামালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে বিএনপির মেয়র পদপ্রার্থীর ভাইয়ের গাড়ি, চারটি প্রচার ক্যাম্প ও তাঁর চার সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গিয়েছে। একই রাতে শেরপুরের নালিতাবাড়ীতে আওয়ামী লীগ ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নয়জন আহত হয়েছেন।
নালিতাবাড়ীর তারাগঞ্জ উত্তর বাজারে একই স্থানে আওয়ামী লীগ ও একই দলের ‘বিদ্রোহী’ প্রার্থী সভা আহ্বান করায় সেখানে গতকাল সোমবার ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
জামালপুর জেলা বিএনপি সূত্রে জানা যায়, গত রোববার রাত সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মির্জা সাখাওয়াতুল আলমের পক্ষে প্রায় ২০টি মোটরসাইকেল নিয়ে শহরের বটতলা এলাকায় বিএনপির মেয়র প্রার্থী শাহ্ মো. ওয়ারেছ আলীর ভাই আবদুল্লাহ আল ফুয়াদের ওপর হামলা চালায়। এ সময় তাঁর ব্যক্তিগত গাড়িটিও ভাঙচুর করা হয়। এর আগে সন্ধ্যা থেকে রাত আটটার মধ্যে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা শহরের কম্পপুর, হাটচন্দ্রা, রশিদপুর ও রামনগর এলাকায় বিএনপির মেয়র পদপ্রার্থীর প্রচার ক্যাম্পে হামলা চালিয়ে ভাঙচুর করেন। একই সময় তাঁরা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গাউছুল আজম ওরফে শাহীন, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুলেমান সুলে, যুগ্ম সম্পাদক এনামূল হক ও ছাত্রদলের নেতা জনির বাড়িতে হামলা চালিয়ে আসবাব ভাঙচুর করেন।
এ বিষয়ে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মির্জা সাখাওয়াতুল আলম বলেন, ‘বিএনপি প্রার্থীর ভাইয়ের গাড়ি ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। বটতলা এলাকায় বিএনপি প্রার্থীর ছোট ভাই আমার সমর্থককে গালিগালাজ করার সময় দুপক্ষের মধ্যে রেললাইনের পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। সেই পাথর লেগে হয়তো তাঁর গাড়ি ভেঙে যেতে পারে।’
বিএনপির মেয়র পদপ্রার্থী শাহ্ ওয়ারেছ আলী বলেন, ‘ভোটারদের আতঙ্কিত করতে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকেরা ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় মহড়া দিচ্ছেন। মোটরসাইকেল আরোহীরাই আমার ছোট ভাই ও তাঁর পরিবারের ওপর হামলা চালিয়েছে। বিষয়গুলো রিটার্নিং কর্মকর্তাকে মৌখিকভাবে জানানো হয়েছে।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, রোববার রাতের ঘটনা জানার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয়। কিন্তু বিএনপির মেয়র পদপ্রার্থীর পক্ষ থেকে কোনো অভিযোগ থানায় দেওয়া হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শী ও নালিতাবাড়ী পৌরসভার মেয়র পদপ্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে সাতটার সময় পৌর শহরের উত্তর বাজার এলাকায় আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুল হালিম উকিলের একটি মিছিল আওয়ামী লীগের প্রার্থী আবু বক্কর সিদ্দিকের মিছিল অতিক্রম করছিল। এ সময় আওয়ামী লীগের প্রার্থীর কয়েকজন সমর্থক ‘বিদ্রোহী’ প্রার্থীর অটোরিকশায় বৈঠা দিয়ে আঘাত করে ধাওয়া দেন। এতে ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকেরা পাল্টা ধাওয়া দিলে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের নয়জন আহত হন। এঁরা হলেন বিদ্রোহী প্রার্থীর ছোট ভাই রাজা মিয়া, ভাতিজা সেলিম মিয়া, আবদুল কাদির, আবদুল মান্নান ও মনসুর হেলাল এবং আওয়ামী লীগের প্রার্থীর কর্মী মো. হাসমত আলী, নাদিম ভুইয়া, মধু মিয়া ও আবদুল করিম। এঁদের মধ্যে বিদ্রোহী প্রার্থীর সমর্থক রাজা
মিয়া, সেলিম মিয়া ও আবদুল কাদিরকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে এখনো মামলা হয়নি।
এ ঘটনায় রোববার রাতেই বিদ্রোহী প্রার্থীর পক্ষে তারাগঞ্জ উত্তর বাজারে গতকাল বেলা আড়াইটার সময় প্রতিবাদ সভা আহ্বান করা হয়। একই স্থানে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী সভা থাকায় প্রশাসনের পক্ষ থেকে সভাস্থলে ১৪৪ ধারা জারি করে মাইকিং করা হয়েছে। এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী বলেন, ‘আমার কর্মীর ওপর বিদ্রোহী প্রার্থীর কর্মীরা হামলা করায় আমার কয়েকজন কর্মী আহত হয়েছে।’ বিদ্রোহী প্রার্থী আবদুল হালিম উকিল বলেন, ‘আমার মিছিলে আওয়ামী লীগের কর্মীরা হামলা চালালে ১০-১২ জন সমর্থক আহত হয়।’ এ ব্যাপারে আইনি প্রদক্ষেপ নেওয়া হবে। নালিতাবাড়ী থানার ওসি মো. ফসিউর রহমান বলেন, দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া র্যাবের টহল দল রয়েছে। তবে কোনো প্রার্থীর পক্ষ থেকে এখন পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সাঈদ মোল্লা বলেন, পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে ভাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। তবে একই স্থানে দুই প্রার্থী সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।