নাটোরে ফরহাদ হোসেন নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার কোর্ট মাঠ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ফরহাদ সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী ফয়জুননেছার প্রধান সমন্বয়কারী।
নাটোর সদর থানা সূত্রে জানা গেছে, জেলা বিএনপির প্রচার সম্পাদক ফরহাদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, নাশকতাসহ প্রায় ৩৬টি মামলা রয়েছে। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে সোমবার রাত ১০টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাঁকে সদর থানায় আনা হয়।
তবে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন তালুকদার প্রথম আলোকে বলেন, ফরহাদের বিরুদ্ধে সব মামলা রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়েছে। অধিকাংশ মামলায় তিনি জামিনে আছেন। এরপরও ১০ নভেম্বরের নির্ধারিত উপনির্বাচনে বিএনপি নেতা-কর্মীদের প্রচার থেকে দূরে রাখতে উদ্দেশ্যমূলকভাবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
সদর থানার পরিদর্শক নজরুল ইসলাম বলেন, ফরহাদকে গতকাল আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয় ।