বিএনপি প্রার্থীর বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী রোমান হোসেন পাটওয়ারীর বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তরা ইট ছুড়ে বাড়ির কয়েকটি জানালার কাচও ভাঙচুর করে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

মেয়র পদপ্রার্থী রোমান হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আজ সকালে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আবুল খায়েরের লোকজন সাতটি মোটরসাইকেলে পৌরসভা এলাকা রতনপুরে এলাকায় মহড়া দেন। এরপর তাঁরা তাঁর বাড়ি লক্ষ্য করে চার পাঁচটি ককটেল ছোড়েন। এতে তাঁর পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তবে ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে যোগাযোগ করে এসব তথ্য পান তিনি।
যোগাযোগ করা হলে আবুল খায়ের এ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমার লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত নন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া প্রথম আলোকে বলেন, ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।