বিএনপি প্রার্থীর ভাইকে কারাদণ্ড
নির্বাচনে গোলযোগ সৃষ্টির উদ্দেশ্যে লোকজনকে উত্তেজিত করার চেষ্টার দায়ে ফরিদপুরের নগরকান্দা পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুর রহমানের ছোট ভাই তৈয়বুর রহমানকে (৩৮) দুই সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম আবদুল আজিজ তাঁকে এ দণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আজ বেলা দেড়টার দিকে পৌর এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে তৈয়বুর রহমান বিভিন্ন ধরনের উসকানিমূলক কথাবার্তা বলছিলেন। নির্বাচনে গোলযোগ সৃষ্টির জন্য তিনি লোকজনকে বিভিন্ন ধরনের কথা বলে উত্তেজিত করারও চেষ্টা করছিলেন। খবর পেয়ে বিকেল চারটার দিকে নগরকান্দা থানার পুলিশ ওই পাম্পের সামনে গিয়ে তৈয়বুরকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই সপ্তাহের কারাদণ্ডাদেশ দেন।
নির্বাহী হাকিম আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, গোলযোগ সৃষ্টির জন্য লোকদের উত্তেজিত করার চেষ্টার দায়ে তৈয়বুর নামের এক ব্যক্তিকে এ সাজা দেওয়া হয়েছে। বিকেলেই তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।