বিএনপি প্রার্থীর সমাবেশে কুপিয়ে জখম
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির প্রার্থীর পথসভায় পাল্টাপাল্টি হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বিএনপির দুই সমর্থককে কুপিয়ে জখম করা হয় বলে জানা গেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পালের বাজারে এ ঘটনা ঘটে।
পাঁচবাগ ইউনিয়নের বিএনপির মনোনীত প্রার্থী মাহবুবুল আলম ও স্থানীয় কয়েকজনের ভাষ্যমতে, দুপুর সাড়ে ১২টার দিকে পালের বাজারে বিএনপির প্রার্থীর নির্বাচনী পথসভা চলছিল। এ সময় তিনটি মোটরসাইকেলে চড়ে আওয়ামী লীগ প্রার্থী শাহ মো. কামরুল ইসলামের কর্মীরা পথসভায় হামলা চালায়। হামলাকারীরা রামদা দিয়ে কুপিয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সাত্তারকে জখম করে। এ ছাড়া আবদুল কাদের নামে বিএনপির এক সমর্থক সামান্য আহত হয়েছে। আব্দুস সাত্তারকে গুরুতর অবস্থায় কিশোরগঞ্জ হাসপাতালের উদ্দেশে নেওয়া হয়েছে।
আওয়ামী লীগ প্রার্থী শাহ মো. কামরুল ইসলাম বলেন, ‘বিএনপির পথসভা থেকে মোটরসাইকেল আরোহী আমার কয়েকজন কর্মীর ওপর হামলা চালায়। আমার কর্মীরা কাউকে কুপিয়ে জখম করেনি। নির্বাচনী কৌশল হিসেবে বিএনপি নিজেরাই নিজেদের কর্মীদের কুপিয়েছে বলে জেনেছি।’
গফরগাঁও উপজেলার পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া বলেন, বিএনপির প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে জানিয়েছে, খুব সামান্য সংঘর্ষ হয়েছে। কেউ গুরুতর আহত হয়নি।