
গাজীপুরে গতকাল শনিবার বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে দলটির কোনো নেতাকে মাঠে দেখা যায়নি। মাঠ ছিল অনেকটা ছাত্রলীগের দখলে। ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও সেখানে আওয়ামী লীগ ও ছাত্রলীগ হরতালবিরোধী মিছিল করে।
শান্তিপূর্ণ এ হরতাল চলাকালে গাজীপুর শহরের ওপর দিয়ে ময়মনসিংহ, শেরপুর, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গগামী কোনো যানবাহন চলাচল করেনি। তবে পরিমাণে কম হলেও জেলার অভ্যন্তরে চলাচলকারী কিছু বাস ও লেগুনা চলাচল করেছে। দুপুরের পর যান চলাচল বাড়তে থাকে। এ ছাড়া শহরের বিপণিবিতানগুলো দেরিতে খোলে।
গাজীপুর জেলা পুলিশ জানায়, হরতাল চলাকালে বিএনপির ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া হরতালে ভাঙচুরের অভিযোগে জয়দেবপুর থানায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নান, জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনসহ অজ্ঞাত ৩০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। মামলাটি করেছেন স্থানীয় বাসিন্দা ফরিদ আহমেদ।
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে জনসভা করতে না দেওয়া এবং সেখানে সভা-সমাবেশ নিষিদ্ধ করে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করার প্রতিবাদে বিএনপি এ হরতাল আহ্বান করে। অবশ্য গতকাল সন্ধ্যা ছয়টায় হরতাল শেষ হওয়ার পর ১৪৪ ধারা প্রত্যাহার করে নেয় জেলা প্রশাসন।
গতকাল বেলা ১১টায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা মোড়ে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লা খান, জেলা ছাত্রলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী অবস্থান নেন। এ ছাড়া শহরের বিভিন্ন সড়কে হরতালবিরোধী মিছিল বের করে সরকারি দলের নেতা-কর্মীরা।
গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দাবি করেন, হরতাল চলাকালে পুরো শহর তাঁদের নিয়ন্ত্রণে ছিল। শহরের বিভিন্ন স্থানে তাঁরা অবস্থান নিয়েছিলেন।
হরতালে শহরে বিপুলসংখ্যক র্যা ব, বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়। সকাল থেকেই পুলিশ ঘিরে রাখে ভাওয়াল বদরে আলম কলেজ মাঠ।
হরতালের আগের রাতে টঙ্গীতে থানা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। টঙ্গী থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম অভিযোগ করেন, আওয়ামী লীগ রাতের অন্ধকারে ওই কার্যালয়ে আগুন দিয়েছে।
শহরের বাইরে ঝটিকা মিছিল, ভাঙচুর:
জেলা শহরের বাইরে কয়েকটি স্থানে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় ও ঢাকা-ময়মনসিংহ রোডের বড়বাড়ি এলাকায় একটি সাংবাদিক লেখা গাড়ি, তিনটি বাস ও কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে হরতাল সমর্থকেরা। ভোরে বড়বাড়ি এলাকায় পুলিশের একটি ভ্যান ভাঙচুর করে পিকেটাররা।
গতকাল সকালে ভোগড়া বাইপাস, কালীগঞ্জ, শ্রীপুর, টঙ্গী, বড়বাড়ি এলাকা ও কালিয়াকৈর পৌরসভার বাসস্ট্যান্ডে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করে বিএনপি। তবে পুলিশ দেখা মাত্র মিছিলকারীরা পালিয়ে যায়।
দিনভর গাজীপুর জেলা বিএনপির দায়িত্বশীল কোনো নেতাকে কোথাও দেখা যায়নি। তাঁদের মুঠোফোনও বন্ধ ছিল। এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইয়্যেদুল আলম প্রথম আলোকে বলেন, প্রত্যেক নেতার বাড়িতে পুলিশ দফায় দফায় তল্লাশি চালিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। তিনি দাবি করেন, তাঁর ফোন খোলা ছিল। হরতাল চলাকালে তাঁদের ১৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।